চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বিয়ের পিড়িতে বসবেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। কাপুর পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র ভারতীয় গণমাধ্যমকে এখবর জানিয়েছেন।
সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ‘আলিয়া ও রণবীর এমাসে কোনো কাজ রাখেননি। নীতু কাপুরকে দেখা গেছে মনিষ মালহোত্রার ফ্যাশন স্টোরে। কাপুর বাড়িতে নিজেও এসেছিলেন মনিষ।’
আরও জানা গেছে, পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে হবে বিয়ের সমস্ত আয়োজন। বিয়েতে আমন্ত্রিত থাকবেন ৪৫০ জন অতিথি। মা-বাবার মতো চেম্বুরের আরকে হাউজেই বিয়ে করবেন রণবীর কাপুর। এই বাড়িতে ১৯৮০ সালের ২০ জানুয়ারি গাঁটছড়া বেঁধেছিলেন ঋষি ও নীতু কাপুর।
আলিয়ার ‘আরআরআর’ চলছে সিনেমাহলে। এরপর মুক্তি পাবে রণবীরের সাথে বহু প্রতীক্ষিত ‘ব্রহ্মাস্ত্র’। একইসাথে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানী’র কাজ রয়েছে তার হাতে।
রণবীরকে ‘ব্রহ্মাস্ত্র’ ছাড়াও দেখা যাবে ‘শমশেরা’য় বানি কাপুর ও সঞ্জয় দত্তের সাথে। এছাড়াও অভিনেতা কাজ করছেন লাভ রঞ্জনের ‘অ্যানিমেল’ ছবিতে শ্রদ্ধা কাপুরের সঙ্গে।








