গত জুনে বাংলাদেশকে বিশ্বমঞ্চে প্রথম পদক এনে দিয়েছিলেন আর্চার রোমান সানা। দেশের প্রথম আর্চার হিসেবে সরাসরি অলিম্পিকে জায়গা করে নিয়ে নাম লিখিয়েছেন ইতিহাসে। বাংলার কৃতি তিরন্দাজের কৃতিত্ব এখানেই থেমে থাকেনি। এবার এশিয়ান মঞ্চেও আরেকটি পদক এনে দিলেন লাল-সবুজের এই ‘রবিন হুড’!
ফিলিপিন্সে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের কোয়ালিফিকেশন রাউন্ড (স্টেজ ৩) পুরুষদের রিকার্ভ ইভেন্টে রুপা জিতেছেন রোমান সানা। চলতি বছর থাইল্যান্ডে একই আসরে (স্টেজ-১) রুপা জিতেছিলেন এই আর্চার।
৭২০ স্কোরের মধ্যে ৬৭১ স্কোর গড়েন সানা। ৬৮৯ পয়েন্টে এই ইভেন্ট থেকে সোনা জিতেছেন মালয়েশিয়ার খায়রুল আনোয়ার মোহাম্মদ। ৬৪৪ ও ৬৪২ স্কোর করে যথাক্রমে ২০ এবং ২১তম হয়েছেন বাংলাদেশের অন্য দুই আর্চার তামিমুল ইসলাম ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল।
নারীদের রিকার্ভ ইভেন্টে খুব বেশি সাফল্য পায়নি বাংলাদেশ। ৬২৩ স্কোরে ১৪ হয়েছেন নারী আর্চার বিউটি রায়।
রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ৯ দলের মধ্যে বাংলাদেশ হয়েছে চতুর্থ। রোমান সানা, তামিমুল ইসলাম ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল মিলে স্কোর গড়েছেন ১৯৫৭। মিশ্র ইভেন্টেও বাংলাদেশ হয়েছে চতুর্থ। সানা ও বিউটি রায় মিলে স্কোর গড়েছেন ১২৯৪।








