ছাত্রলীগ থেকে বহিষ্কৃত সুফিয়া কামাল হলের ছাত্রলীগ সভাপতি ইফফাত জাহান এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
শুক্রবার সকালে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। তদন্ত কমিটির রিপোর্টে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন বলেও জানানো হয়।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এরআগে গত ১১ এপ্রিল কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল শাখার সভাপতি ইফফাত জাহান এশাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছিল। হলে এক ছাত্রীকে নির্যাতনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ওই হলের চতুর্থ বর্ষের ছাত্রী মোর্শেদা আক্তারকে নিজ রুমে ডেকে নিয়ে এশা নির্যাতন করেন বলে অভিযোগ করেন ওই হলের ছাত্রীরা। এশাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে আন্দোলন করেন ওই হলের ছাত্রীরা। হল গেটের বাইরেও একই দাবিতে বিক্ষোভ করেন বিভিন্ন হলের কয়েক হাজার ছাত্র। এক পর্যায়ে এশাকে বিশ্ববিদ্যালয় ও হল থেকে বহিষ্কারের খবর আসলে তারা কিছুটা শান্ত হয়।







