সপ্তাহ পেরোয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়েছেন এরিক টেন হাগ। দায়িত্ব নিয়েই বার্সায় খেলা প্রিয় শিষ্য ফ্রেঙ্কি ডি ইয়াংকে দলে টানার ব্যাপারে আগ্রহের কথা জানিয়েছেন। ডাচ কোচকে অবশ্য হতাশার খবর দিয়েছেন জাভি হার্নান্দেজ। তার সাফ কথা, ডি ইয়াং কোথাও যাচ্ছে না।
আয়াক্সের দায়িত্বে থাকাকালে টেন হাগের অধীনেই নিজেকে মেলে ধরতে শুরু করেন ডাচ মিডফিল্ডার। তার অধীনে বেশকিছু ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন ডি ইয়াং। তবে বার্সার ৭৫ মিলিয়নের লোভনীয় প্রস্তাব ফেলতে পারেননি। ন্যু ক্যাম্পে যোগ দিয়ে জাভির অধীনে নিজেকে প্রতিষ্ঠিত কারার পথে ২৪ বর্ষী মিডফিল্ডার।
প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা রেড ডেভিলদের নতুন করে গোছাতে পুরনো শিষ্যকে টানার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন এরিক টেন। তাতে বাধা জাভি। বার্সা কোচের অধীনে সাত গোলও রয়েছে তার। আছেন ক্যারিয়ারের অন্যতম সেরা ফর্মে। রায়ো ভায়েকানোর বিপক্ষে নামার আগে ডি ইয়াংকে না ছাড়ার ব্যাপারটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন জাভি।
‘ফ্রেঙ্কি আমার ও দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে দারুণ এক ফুটবলার, যাকে ব্যক্তিত্বের পরিচয় দিয়ে একটি মৌসুম স্মরণীয় করে রাখতে হবে।’
‘আমি আসার পর থেকে সে ভালো করছে। গোল করা, অ্যাসিস্ট এবং খেলার প্রধান চরিত্র হতে হবে তাকে। আগামী বছরগুলোতে সে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার হতে পারে।’








