কখনও কি এমন হয়েছে, গোল করে কোনো খেলোয়াড় উদযাপনে না মেতে বরং বিমর্ষ হয়েছেন! সমর্থকদের বাহবা কুড়ানোর পরিবর্তে পেয়েছেন দুয়ো? মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে হ্যাটট্রিক করেও এমন বিব্রতকর অবস্থায় পরেছেন মেকাইলা মুর।
দৈবঘটনা কিংবা অঘটন যাই হোক না কেন, নিউজিল্যান্ড নারী দলের হয়ে মাত্র ৩৫ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেছেন মুর। ঘটনাটি নিশ্চয় ভুলতে চাইবেন লিভারপুল নারীদের হয়ে খেলা এই ডিফেন্ডার। অবিশ্বাস্য হলেও সত্যি, একবার-দুবার নয় মুর নিজেদের জালে বল পাঠিয়ে পূরণ করেছেন হ্যাটট্রিক!
ফুটবল ম্যাচে অদ্ভুত কত কিছুই তো ঘটে! যার কিছু নিতান্তই পাকেচক্রে। মুরের ঘটনাটিও অনেকটা তেমন। তার দুর্ভাগ্যের শুরু পঞ্চম মিনিটে। যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের বাড়ানো একটি ক্রস ডি বক্সে রুখতে যান। সেখানেই ঘটে বিপত্তি বল ক্লিয়ার করার পরিবর্তে জড়িয়ে দেন নিজেদের জালে।

এগিয়ে যাবার ৮২ সেকেন্ড পরেই যুক্তরাষ্ট্র লিড পায়। সেটাও আসে প্রতিপক্ষের খেলোয়াড় মুরের হেড থেকে। নিউজিল্যান্ড ডিফেন্ডারের মাথা ছুয়ে বল ভুল টার্গেটে লক্ষ্যভেদ হয়। জোড়া গোল পেয়ে যান মুর।
তখনও শেষ হয়নি নিউজিল্যান্ড ইন্টারন্যাশনালের দুর্ভাগ্য। ম্যাচের ৩৬ মিনিটে আরেক ভুলে মুর পেয়ে যান বিষ্ময়কর ও লজ্জাজনক হ্যাটট্রিক। নিজের গোলরক্ষকের পাশ কাটিয়ে আসা একটি ক্রস ঘোরানোর চেষ্টা করলে বল জড়িয়ে যায় নিজের জালেই।
মুরকে অবশ্য বেশি সময় মাঠে রাখেননি কোচ। বিরতির আগেই তুলে নেয় নিউজিল্যান্ড। নিজের অদ্ভুত রেকর্ডে খুশি ছিলেন না মুর। ডাগআউটে ফেরার সময়ও বিমর্ষ ছিলেন। ম্যাচটি ৫-০ গোলের বড় ব্যবধানে হারে নিউজিল্যান্ড।







