শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের সঙ্গে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩-৩ গোলে ড্র করেছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে হয়েছে ছয়টি গোল।
ম্যাচের ৫০ মিনিটে চেলসি অধিনায়ক জন টেরির আত্মঘাতী গোল থেকে এগিয়ে যায় এভারটন। ছয় মিনিট পর আবার এগিয়ে যায় অতিথিরা।
বেলজিয়ামের স্ট্রাইকার কেভিন মিরালাস ব্যবধান দ্বিগুণ করলে হারের মুখে থাকে চেলসি। তবে দুই মিনিটের ব্যবধানে দুটি গোল করে সমতায় ফেরে স্বাগতিকরা।
৬৪তম মিনিটে সেস ফাব্রেগাসের বাড়ানো বল ধরে গোল করেন দিয়েগো কস্তা।
এরপর ৬৬ মিনিটে স্পেনের মিডফিল্ডার ফাব্রিগাস নিজেই বল জালে পাঠান।
ম্যাচের শেষ মিনিটে আর্জেন্টিনার ডিফেন্ডার রামিরো মোরির গোলে ফের হারের মুখে চেলসি। তবে নাটকীয়তার তখনও ছিল বাকি।
যোগ করা সময় ছিল সাত মিনিটের। একেবারে শেষ মুহূর্তে টেরি ডি বক্সের থেকে গোল করে দলের মূল্যবান এক পয়েন্ট নিশ্চিত করেন।
যদিও গোলটি টিভি রিপ্লেতে স্পষ্ট অফ সাইড হয়েছে দেখা গেছে। এই ড্রয়ের পর চতুর্দশ স্থানে থাকা চেলসির পয়েন্ট ২২ ম্যাচে ২৫।
লিগের আরেক ম্যাচে দূর্দান্ত জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ক্রিস্টাল প্যালেসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানুয়েল পেলেগ্রিনির সিটি।
দলের হয়ে ৪১ ও ৬৮ মিনিটে জোড়া গোল করেছেন সার্জিও অ্যাগুয়েরো। সিটির হয়ে অন্য গোল দু’টি করেছেন ডেভিড সিলভা ও ডেলফ।







