শেষ ৫ ইনিংসে চারটি ফিফটি করা তামিম ইকবাল আরও একবার সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করলেন। শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ক্যাচ তুলে জীবন পাওয়ার পরের বলেই বিলিয়ে আসেন নিজের উইকেট। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক ফেরেন তিন অঙ্কের আশা জাগিয়ে।
সাইফ হাসানের সেঞ্চুরিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দেয়া ২৯৩ রানের লক্ষ্যে প্রাইম ব্যাংকের ওপেনার তামিম দলকে টানতে থাকেন। ইনিংসের ২৬তম ওভারে সাইফের বলে ক্যাচ তুলেছিলেন তামিম। তা ধরতে পারেননি শফিকুল ইসলাম।
পরের বলে সুইপ করতে গিয়ে ব্যক্তিগত ৬৯ রানে ধরা পড়েন নুরুল হাসান সোহানের গ্লাভসে। ৭০ বলের ইনিংসে চার মারেন ৫টি। তামিম আউট হওয়ার পরই ভেঙে পড়ে প্রতিরোধ। পরে আরও দুটি উইকেট হারিয়ে সাকিব আল হাসানের দলের বিপক্ষে হারের মুখে প্রাইম ব্যাংক।
ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে বেশ ধারাবাহিক তামিম। প্রায় প্রতিটি ম্যাচেই ব্যাট হাতে রেখেছেন অবদান। তামিমের সবশেষ ছয়টি ইনিংস- ৬৭, ৫৪, ৬৫. ৩৫, ৭৪, ৬৯।






