সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশরে তৈরি সব ধরনের পণ্য নিষিদ্ধ করেছে কাতার। এসব দেশের পণ্য সব দোকান থেকে নামিয়ে ফেলারও নির্দেশ দিয়েছে কাতারের অর্থ মন্ত্রণালয়।
সন্ত্রাসবাদে অর্থায়ন এবং ইরানের সাথে সম্পর্ক রাখার অভিযোগে গত বছরের ৫ জুন কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্কচ্ছেদ করেছিল সৌদি আরব, ইউএই, বাহরাইন ও মিশর। তারই বর্ষপূর্তির কয়েক দিন আগে এলো এই পাল্টা অবরোধ।
যদিও সেই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে কাতার।
কাতারে সরকারি নির্দেশ মেনে চলা হচ্ছে কিনা, দোকানে গিয়ে গিয়ে তা যাচাই করবেন পরিদর্শকরা। এছাড়াও, তৃতীয় কোনো দেশের মাধ্যমে ওইসব দেশের পণ্য প্রবেশের চেষ্টা হলে তাও বন্ধ করা হবে বলে জানিয়েছে কাতার।








