এবার ঈদে থাকছে চিত্রনায়িকা পূর্ণিমার চলচ্চিত্র। ছবির নাম ‘টু বি কন্টিনিউড’। ঈদের পরদিন চ্যানেল আইয়ে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে, তেমনটাই জানা গেছে প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম সূত্রে। আর এ খবরে খুশি ছবির নায়িকা পূর্ণিমা। তিনি বলেন, ‘অনেক আগের কাজ। তেমন কিছুই মনে নেই। শেষ পর্যন্ত ছবিটি মুক্তি পাচ্ছে, দর্শক ছবিটি দেখতে পাবেন, ভালো লাগছে। ছবির সাথে সংশ্লিষ্ট সবার প্রতি শুভকামনা রইলো।’
‘টু বি কন্টিনিউড’ ছবির কাজ শুরু হয়েছিল ২০১১ সালে। পরিচালনা করেছেন ইফতেখার আহমেদ ফাহমি। ২০১১ সালের ১৮ মে যখন নিজের প্রথম ছবির কাজ শুরু করেন, তখন ফাহমি ছিলেন দেশের অন্যতম জনপ্রিয় নাটক ও বিজ্ঞাপন নির্মাতা। তাই ছবি তৈরির ঘোষণা দিয়েছিলেন বড় করে। মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ, আবুল হায়াত, মোস্তফা সরয়ার ফারুকী, অমিতাভ রেজা, ইফতেখার ফাহমি, তিন্নি, মাসুদ আলী খান, নকিব খান, ইশতিয়াক আহমেদ, রেদওয়ান রনি, শখ, তরুণ, সুমন পাটোয়ারী, মিশু, চাষী প্রমুখ। এরপর হঠাৎ করেই ছবির কাজ থেমে যায়। দীর্ঘ বিরতির পর ছবিটির কাজ শেষ করেন ফাহমি।
ছবিতে আরও অভিনয় করেছেন ইফতেখার ফাহমি, মিশু সাব্বির, অর্পণা ঘোষ, মিতা চৌধুরী, আবুল হায়াত, সোহেল খান প্রমুখ।
পূর্ণিমা জানালেন, এখন তিনি খুব ব্যস্ত ঈদের কাজ নিয়ে। এবার ঈদে ৭টি নাটকে অভিনয় করবেন তিনি। এরই মধ্যে তিনটি নাটকের কাজ শেষ হয়েছে। রোমান রুনির ‘অন্ধক্ষণে অন্ধজনে’ নাটকে সজলের সঙ্গে, এস এ হক অলীকের নাটক ‘একটু প্রেম একটু ভালোবাসা’ নাটকে নাঈমের সঙ্গে আর মাকসুদুর রহমান বিশালের ‘পোর্ট্রেট’ নাটকে ইমন ও নিরবের সঙ্গে অভিনয় করেছেন তিনি।
চ্যানেল আইয়ে ঈদের তৃতীয় দিন প্রচারিত হবে টেলিছবি ‘মনের ভেতর নদী’। লিখেছেন জাকারিয়া সৌখিন, পরিচালনা করেছেন সাইদুর রহমান রাসেল। এতে অভিনয় করবেন মাহফুজ আহমেদ ও পূর্ণিমা। বললেন, ‘আমি যখন চলচ্চিত্রে ব্যস্ত ছিলাম, তখনো কিন্তু ঈদের নাটকে কাজ করেছি। এখন যেহেতু চলচ্চিত্রে তেমন কাজ করছি না, তাই নাটকে একটু বেশি সময় দিতে পারছি।’








