আজ সোমবার ছিল চিত্রনায়ক আলমগীরের ৫৭তম জন্মদিন। জাতীয় চলচ্চিত্রে দিবস উপলক্ষে তিনি এফডিসির চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে আসেন দুপুরে। তখন এখানে জন্মদিনের কেক কাটেন তিনি।
সবার ভালোবাসায় মুগ্ধ আলমগীর বলেন, ‘এখন আর তেমন ঘটা করে জন্মদিন পালন করা হয় না। সময়-সুযোগ হয়ে ওঠে না। আজ জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে এফডিসিতে এসেছি। সবার এই ভালোবাসা দেখে আমি সত্যিই আনন্দিত।’
আলমগীর ১৯৫০ সালের ৩ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে ‘আমার জন্মভূমি’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন আলমগীর। তার অভিনীত অনেক ছবিই হয়েছে দর্শকনন্দিত ও ব্যবসাসফল। অভিনয়ের স্বীকৃতি স্বরূপ আলমগীর মূল ও পার্শ্ব চরিত্র মিলিয়ে ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছেন।
তার স্ত্রী রুনা লায়লা উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী। তার মেয়ে আঁখি আলমগীরও দেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী।








