এটিএম বুথে কার্ড জালিয়াতির ঘটনায় গ্রাহকদের খোয়া যাওয়া টাকা এক সপ্তাহের মধ্যে ফেরত দেয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতারক চক্র ৩ টি ব্যাংকের কার্ড জালিয়াতির মাধ্যমে প্রায় ২১ লাখ টাকা উঠিয়ে নিয়েছে জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতে কার্ড জালিয়াতির মতো অপতৎপরতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
৫৬টি ব্যাংকের এটিএম কার্ড ডিভিশনের টেকনলজিস্টদের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এ ধরণের অপতৎপরতা বন্ধে বেশকিছু পদক্ষেপ নেয়া হচ্ছে।
প্রযুক্তির উন্নয়ন ঘটানো ছাড়াও ব্যাংকগুলোকে সার্বক্ষনিক সিসিটিভি মনিটরিং করতে দেয়ার সিদ্ধান্ত সঠিকভাবে প্রয়োগ করা হলে এমন অনাকাঙ্খিত ঘটনা এড়ানো সম্ভব বলেও মনে করে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার ব্যাংকিং লেনদেন সময় পার হওয়ার পর বড় ধরণের এটিএম কার্ড জালিয়াতির অপতৎরতা শুরু করে প্রতারক চক্র। ওই ঘটনায় আরো বড় ধরণের বিপর্যয় ঘটতে পারতো, তবে সবার তাৎক্ষনিক তৎপরতায় সেটি হয়নি বলে দাবি করেছে বাংলাদেশ ব্যাংক।







