টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হয়েছেন প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। গত মেয়াদে বিসিবি হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটের চেয়ারম্যান ছিলেন তিনি।
দুর্জয় অতীতে বিসিবির বেশ কয়েকটি কমিটিতে কাজ করেছেন। নিজের অভিজ্ঞতার আলোকে সামনের মেয়াদে গতানুগতিক ধারার বাইরে কাজ করে ক্রিকেটকে এগিয়ে নিতে চান।
নির্বাচন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বললেন, ‘আমি আগেও বলেছি, আমরা ওয়ানডে, টি-টুয়েন্টিতে ভালো করছি। এখন আমাদের টেস্টে ভালো করার সময়। সেটার জন্য ঘরোয়া ক্রিকেট, প্রথম শ্রেণির কাঠামো, মাঠ, উইকেট- এসব নিয়ে আমাদের কাজ করতে হবে।’
‘আমরা গতানুগতিক কাজ তো করছি অনেক বছর যাবত। কিন্তু এখন বাংলাদেশ ক্রিকেটের আরেক ধাপে এগোনোর সময়। আমাদের এগোতে হলে আউট অব দ্য বক্স কাজ করতে হবে। অতিরিক্ত অনেক কিছু করতে হবে। এবার আমরা সেটা করব।’
‘বোর্ড সভাপতি যিনি হবেন, তিনি বিভাগ বণ্টন করেন। আমি বিগত দিনে অনেক জায়গায় কাজ করেছি। টুর্নামেন্ট কমিটিতে কাজ করেছি, ডেভেলপমেন্টে কাজ করেছি, অপারেশন্সে কাজ করেছি, হাই-পারফরম্যান্সে কাজ করেছি, অভিজ্ঞতা মনে হয় খারাপ হয়নি। তারপরও যিনি বিসিবি প্রধান হবেন তিনি ভালো বুঝবেন, আমার পারফরম্যান্স হয়তো দেখবেন। আমি যেখানে আছি সেখানেও অবশ্য ভালো আছি।’
নতুন পরিচালনা পর্ষদে ২৫ জনের মধ্যে ১৯ জন পুননির্বাচিত হয়েছেন। নতুন পরিচালক ৬ জয়। সবার ভোটে নির্বাচিত হবেন নতুন সভাপতি। সর্বশেষ সভাপতি নাজমুল হাসান পাপনেরই আবার প্রধান হওয়ার সম্ভাবনা বেশি।







