কয়েকদিন আগে ‘দ্যা ফেনোমেনন’ রোনালদো দাবি করেছিলেন ব্রাজিলিয়ান ফুটবলারদের জন্য বার্সেলোনা ভাল দল নয়। তার এমন বক্তব্যের আলোচনা-সমালোচনা না থামতেই স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, আরেক ব্রাজিলিয়ানের জন্য বার্সায় আসার পথে প্রধান প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছেন লিওনেল মেসি। দলের প্রধান তারকার জোর বাধার কারণেই নাকি রাইটব্যাক ডগলাসকে কেনার চিন্তা দূরে সরিয়ে দিয়েছেন কাতালান কর্তারা।
বার্সাতে আগেও খেলার অভিজ্ঞতা আছে ডগলাসের। ২০১৪ সালে মেসি-ইনিয়েস্তাদের সঙ্গে খেলে নিজেকে মেলে ধরতে পারেননি। খেলেছেন মাত্র আট ম্যাচ।
ফ্লপ ছিলেন গত মৌসুমে স্পোর্টিং গিজনের হয়েও। দলকে অবনমন থেকে বাঁচাতে পারেননি। পরে পাড়ি জমান পর্তুগিজ লিগ জয়ী দল বেনফিকায়। কিন্তু মৌসুমের অর্ধেক চলে যাওয়ার পরেও মূল একাদশে একবারও খেলা হয়নি এই ব্রাজিলিয়ানের।

চলতি শীতকালীন দলবদলে ডগলাসকে দলে টানার ইচ্ছে ছিল বার্সা কর্তাদের। কিন্তু এখানে ভেটো দিয়েছেন মেসি। চার মৌসুম আগের সাবেক সতীর্থকে আবার দলে দেখতে চান না আর্জেন্টাইন অধিনায়ক; অন্তত স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলোর দাবি এমনই।
ডগলাসকে না চাইলেও কৌতিনহোর ব্যাপারে কোন আপত্তি নেই মেসির। আরেক ব্রাজিলিয়ান মহাতারকা নেইমারের সঙ্গে তার বন্ধুত্বের কথা ফুটবলবিশ্বের জানাই। তাই ব্রাজিলিয়ান বলে নয়, কেবল মাত্র পূর্ব অভিজ্ঞতা থেকেই ডগলাসকে হয়ত চাচ্ছেন বার্সেলোনার প্রাণভোমরা। আবার স্পেনেরই কিছু গণমাধ্যম এটিও বলছে, ডগলাসকে নিয়ে কোন মন্তব্যই করেননি মেসি।








