ইন্টার মিয়ামির হয়ে ৯০ মিনিটই খেলেছেন লিওনেল মেসি, তেমন অবদান রাখতে পারেননি। বিশ্বজয়ীর নেয়া পাঁচ শটের তিনটি হয়েছে লক্ষ্যভ্রষ্ট, সাতবার ড্রিবল করতে গিয়ে চারবার ব্যর্থ হন, এদিন পাসিংয়েও ছিলেন না নিখুঁত, সতীর্থদের গোল বানিয়ে দিতে দেখা যায়নি আর্জেন্টাইন কিংবদন্তিকে। ৬ গোলের সেই ম্যাচে অবশ্য হারেনি মেসিদের মিয়ামি, ড্র নিয়ে মাঠ ছেড়েছে।
মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে সান হোসে আর্থকোয়াকসের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে মিয়ামি। ১০মে মিনেসোটার কাছে ৪-১ গোলে হেরেছিল মিয়ামি।
শুরু থেকেই ইন্টার মিয়ামি-সান হোসে আর্থকোয়াকস আক্রমণ-প্রতি আক্রমণে খেলতে থাকে। তিন মিনিটে ম্যাচের ফল ১-১ হয়ে যায়। যেখানে ম্যাচের প্রথম মিনিটে জর্ডি আলবার কাছ থেকে বল পেয়ে গোল করেন মিয়ামি ডিফেন্ডার ম্যাক্সিমিয়ানো ফ্যালকন। দুই মিনিট পরে সান হোসের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান আরাঙ্গো সমতায় ফেরান। ১৮ মিনিটে আলবার পাস রিসিভ করে ডান পায়ে শট নিতে যান মেসি। গোলের কাছাকাছি গিয়েও লক্ষ্যভেদ করতে পারেননি।
৩৭ মিনিটে মিডফিল্ডার বিউ লিউরক্স গোলে উল্টো ২-১ ব্যবধানে এগিয়ে যায় সান হোসে। কিছু সময় পর আরও একবার দলকে সমতায় ফেরানোর সুযোগ পেয়ে যান মেসি। কিন্তু ৪০ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ডের শট প্রতিহত করেন সান হোসের গোলরক্ষক দানিয়েল।
মেসির সুযোগ মিসের মহড়ায় প্রথমার্ধের শেষদিকে হয়েছে আরও দুই গোল। ৪৪ মিনিটে সমতাসূচক গোল করেন ইন্টার মিয়ামির ফরোয়ার্ড তাদিও আলেন্দে। আর ইয়ান হার্কসের গোলে ৩-২তে এগিয়ে প্রথমার্ধ শেষ করে সান হোসে। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ৪ মিনিটে হয় এই গোলটি। অতিরিক্ত ৮ মিনিটে আরও একটি গোলের সুযোগ হাতছাড়া করেন মেসি। সরাসরি ফ্রি-কিক থেকে বাঁ-পায়ে শট নিলেও লক্ষ্যভেদ করতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে রদ্রিগেজের থেকে বল পেয়ে সমতাসূচক গোল করেন আলেন্দে। ম্যাচে সেটা আলেন্দের দ্বিতীয় গোল। আর ৩-৩ গোলে সমতা হওয়ার পথে দুদল ধরে রাখে আক্রমণ-প্রতি আক্রমণের খেলা। তবে ফিনিশিংয়ের দুর্বলতা এবং প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় কোনো গোল আর হয়নি।
সান হোসের বিপক্ষে ৩-৩ গোলে ড্র হওয়ার পর ইন্টার মিয়ামি অবস্থান ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের চার নম্বরে। ১২ ম্যাচে মিয়ামির পয়েন্ট ২২। ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিনসিনাটি।








