নেপালে ইউএস বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত বাকি তিন বাংলাদেশি আলিফুজ্জামান, পিয়াস রয় ও নজরুল ইসলামের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে নেপাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
এর আগে সোমবার নিহত ২৩ জনের মরদেহ দেশে ফিরিয়ে এনে স্বজনদের কাছে হস্তান্তর করা হলেও এই তিন জনের মরদেহ শনাক্তে কিছুটা সময় লাগে।
তাদের মরদেহ নিয়ে আসা বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বিকাল ৪টা ৫৫ মিনিটে। মরদেহ নেওয়ার জন্য আগে থেকেই বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন স্বজনরা।
মরদেহ গ্রহণ করে স্বজনদের হাতে মরদেহ বুঝিয়ে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। এদিন বিমানমন্ত্রী জানিয়েছেন, তদন্ত চলছে, কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
শেষ যাত্রায় মরদেহবাহী অ্যাম্বুলেন্সগুলো ঢাকা ছেড়ে নিজ নিজ গ্রামের পথ ধরে।
গত ১২ মার্চ কাঠমান্ডুতে ওই উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটে। এতে ৭১ যাত্রীর মধ্যে ৫১ জন নিহত হন। তাদের মধ্যে ২৬ জন বাংলাদেশি।
জীবিত ১০ বাংলাদেশির মধ্যে ৫ জনকে ইতোমধ্যেই ঢাকায় আনা হয়েছে। ভয়াবহ ওই দুর্ঘটনায় বেঁচে যাওয়া আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে।








