আগামী বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচে মাঠে নামার আগে দলে উপেক্ষিত স্ট্রাইকার গঞ্জালেস হিগুয়েনকে আশার বাণী শোনালেন কোচ হোর্হে সাম্পাওলি। জুভেন্টাস তারকার জাতীয় দলের ভবিষ্যত এখনও শেষ হয়ে যায়নি বলে জানিয়েছেন কোচ।
ক্লাবের জার্সিতে দারুণ ছন্দে আছেন হিগুয়েন। চলতি মৌসুমে ‘তুরিনের ওল্ড লেডিদের’ হয়ে ১৭ ম্যাচে গোল করেছেন ৯টি। কিন্তু বিশ্বকাপ বাছাইপর্বে দলের শেষ চার ম্যাচে খেলা হয়নি তার।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাম্পাওলি বলেছেন, ‘হিগুয়েন ক্লাবে বেশ ভাল করছে। আমরা তাকে নজরে রাখব। আশা করি অদূর ভবিষ্যতে তাকের দলেও ডাকা হবে।’
মস্কোয় স্বাগতিক রাশিয়ার বিপক্ষে মেসি-মারিয়াদের ম্যাচটি হবে শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
রাশিয়ার বিপক্ষে ম্যাচের তিনদিন পর আরেকটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে নাইজেরিয়ার।
এদিন রাতে প্রীতি ম্যাচে মাঠে নামছে স্পেনও। সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা আতিথ্য দেবে কোস্টারিকাকে। অপর দুই ম্যাচে লড়বে কাতার-চেক প্রজাতন্ত্র ও মেসিডোনিয়া-নরওয়ে।








