বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠার ৫০ বছরে পা দিল ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। উদীচীর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সুবর্ণজয়ন্তীতে পদার্পণ উপলক্ষে সারা দেশে আয়োজন করা হয়েছিল বর্ণাঢ্য অনুষ্ঠানমালা।
‘চলছি তো অবিরাম মানুষের মিছিলে, লড়ছি তো মুক্তির শপথে’ স্লোগানে রোববার হয় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনের বাইরে উন্মুক্ত প্রাঙ্গণে ছিল এই আয়োজন।
শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন উদ্বোধক কাজী সোহরাব হোসেন। সংগঠনের পতাকা উত্তোলন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ। উৎসবের উদ্বোধন ঘোষণা করেন কাজী সোহরাব হোসেন।
বিকাল ৫টায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রদর্শিত হয় সদ্যপ্রয়াত ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী ও উদীচীর উপদেষ্টা কমরেড জসিম উদ্দিন মন্ডলের জীবনীর ওপর উদীচী কেন্দ্রীয় সংসদের চলচ্চিত্র ও চারুকলা বিভাগ প্রযোজিত প্রামাণ্যচিত্র ‘ফায়ারম্যান’।
এর পর উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হয় আলোচনাসভা।
অনুষ্ঠানের তৃতীয় পর্বে ছিল বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা।








