দুই অঙ্ক ছুঁয়ে উইকেটে থিতু হয়ে গিয়েছিলেন মুমিনুল হক। বাঁহাতি স্পিনার অ্যাজাজ প্যাটেলের সাধারণ এক ডেলিভারিতে পুল করতে গিয়ে হলেন এলবিডব্লিউ। ব্যাটেই লাগাতে পারলেন না বল। আবেদনের সঙ্গে সঙ্গে আম্পায়ার আউটের সংকেত দেন। এতটাই পরিষ্কার আউট ছিল যে রিভিউ নেয়ার কথা ভাবতে হয়নি।
১০ রান করে মুমিনুল ফিরেছেন সাজঘরে। মিরপুুর টেস্টের চতুর্থ দিনের সকালে দলীয় ৭১ রানে তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ। ৭ উইকেট হাতে রেখে নিউজিল্যান্ডের চেয়ে ৬৩ রানে এগিয়ে আছে টিম টাইগার্স।
৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের তৃতীয় দিন শেষে সংগ্রহ ২ উইকেটে ৩৮ রান। খেলা বন্ধ হওয়ার আগের বলে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক করেন ১৫ রান। তার আগে মাহমুদুল হাসান জয় ২ রান করে ফেরেন সাজঘরে।
বাংলাদেশের ইনিংস টানছেন জাকির হাসান। এ ওপেনার ৩৪ রানে অপরাজিত আছেন। ক্রিজে এসেছেন মুশফিকুর রহিম।
গ্লেন ফিলিপসের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৮ রানের লিড নেয় নিউজিল্যান্ড। অল্পের জন্য সেঞ্চুরি ছুঁতে পারেননি কিউই ব্যাটার। ৭২ বলে ৮৭ রানের ইনিংস খেলে শরিফুল ইসলামের বলে আউট হন।
ওই ওভারেই টিম সাউদি ফিরলে ১৮০ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ১৭২ রান।








