টেলিভিশন পর্দায় কিংবদন্তি শিল্পী আব্দুল হাদীকে খুব কম ই দেখা যায়। বিশেষ দিন কিংবা বিশেষ অনুষ্ঠান ছাড়া চোখে পড়ে না তাঁকে। এদিকে অভিনেত্রী আফসানা মিমিকেও দেখা যায় না। কিন্তু আসছে ঈদে গান ও অভিনয়ের এই দুই গুণী মানুষকে একসঙ্গে দেখা যাবে টেলিভিশন পর্দায়।
আসছে ঈদুল আযহার বিকেলে চ্যানেল আইয়ে গাইবেন বাংলা গানের কিংবদন্তি শিল্পী আব্দুল হাদী। আর এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আফসানা মিমি।
গত বছরের রোজার ঈদে চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন আফসানা মিমি। এক বছর পর আবারও ঈদ অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। সৈয়দ আবদুল হাদীর একক সংগীতানুষ্ঠানটির উপস্থাপনায় তাকে দেখা যাবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেছেন অনন্যা রুমা। তিনি জানান, আব্দুল হাদীর একক সংগীতানুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন বিকেল ৫টা ৪০ মিনিটে।
এ প্রসঙ্গে সৈয়দ আবদুল হাদী বলেন, ঈদ আয়োজন মানেই বিশেষ কিছু। এই ঈদেও চ্যানেল আইয়ে একক সংগীতানুষ্ঠানে অংশ নিচ্ছি। সেখানে শ্রোতাদের শোনাবো তাদের প্রিয় কিছু গান। আফসানা মিমি এ আয়োজনে উপস্থাপক হিসেবে থাকছেন- এটাও এক ধরনের ভালোলাগা। সব মিলিয়ে এ আয়োজন অনেকের ভালো লাগবে বলেই আশা করছি।
অনুষ্ঠানটি নিয়ে উচ্ছ্বসিত আফসানা মিমি। তিনি জানালেন, আগেও বেশ কিছু অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে চ্যানেল আইয়ের এবারের আয়োজন কিছুটা ভিন্ন ধরনের। সেখানে প্রিয় শিল্পী সৈয়দ আবদুল হাদী গাইবেন, সবার প্রিয় কিছু গান। গানের ফাঁকে ফাঁকে তার সঙ্গে কথাও হবে। আশা করছি, গানের এই আয়োজন দর্শক-শ্রোতার ভালো লাগবে।








