ঈদে শুধু নিজেকে গুছালেই চলবে না, ঘরটাকেও তো গুছাতে হবে। তাই ঈদের সময়ে ঘরের পরিচ্ছন্নতা তে মনোযোগ দিন। কারণ, আপনার বাড়িতে আসা মেহমানরা আপনার ঘরের পরিচ্ছন্নতার সাথে সাথে, আপনার রুচিবোধ সম্বন্ধেও একটা ধারণা নিয়ে যাবে। এক্ষেত্রে কিছু টিপস মেনে চলতে পারেন। তা হলো—
- প্রথমেই আপনার বাসার টয়লেটটি পরিষ্কার করুন। কারণ, টয়লেট এবং রান্নাঘর দেখেই নাকি একটি গৃহিণীর রুচিবোধ এবং পরিচ্ছন্নতা ফুটে ওঠে।
- টয়লেটে ব্যবহারের জন্য আলাদা স্যান্ডেল রাখুন এবং টয়লেটে ব্যবহারের জন্য সাবান নয় বরং আলাদা হ্যান্ডওয়াশ রাখুন।
- ঘরের আসবাপপত্র গুলো পরিষ্কার করুন। কোথাও ধুলা-ময়লা জমে আছে কিনা তা দেখুন।
- ঘরের ছাদে মাকড়সার জাল বাসা বেঁধেছে কিনা খেয়াল করুন। থাকলে তা পরিষ্কার করে ফেলুন সাথে সাথেই।
- আসবাপপত্রের কোথাও রঙ চটে গেলে বা ডিফেক্ট ধরা পড়লে তা-ও আগেই সারিয়ে রাখুন।
- ঈদের দিন কোন ঘরে কোন চাদর পাড়বেন, তা আগেই ঠিক করে ফেলুন। আর সেটা পরিষ্কার আছে কিনা, তাও দেখুন।
- ঘরে যে পর্দা লাগানো থাকবে তা পরিষ্কার করুন এবং ইস্ত্রি করে ফেলুন।
- ঈদের আগের দিন ঘরদোর সুন্দর করে গুছানোর পর, সম্ভব হলে জানালাটা আগলে রাখুন। যাতে ঘরে বিড়াল না ঢোকে। কারণ, বিড়াল ঘরে ঢুকলে আপনার ঘরকে নোংরা করে রাখতে পারে।
- মেহমানদের যে সব ডিশে খাবার পরিবেশন করবেন, সেগুলো পরিষ্কার করে রাখুন।
- রান্নাঘর পরিষ্কার করুন। ঈদের দিন রান্নার যেসব প্রয়োজনীয় উপকরণ দরকার তা আগেই থরে থরে সাজিয়ে রাখুন।
- ঘরে যদি তেলাপোকা বা ইঁদুর থাকে তবে তা কয়েকদিন আগেই ঔষধ দিয়ে মেরে ফেলুন। তারপর সেই ঔষধটি যেন ঘরের কোথাও বা রান্নাঘরে ছড়ানো না থাকে সেদিকে খেয়াল রাখুন।
- মরা তেলাপোকা বা ইঁদুর ঘরের কোথাও আটকে আছে কিনা তা খেয়াল করুন আগে থেকেই।
- খাবার টেবিলের পাশে যে বেসিনটি আছে, সেখানে আলাদা হ্যান্ডওয়াশ এবং টাওয়েল রাখুন।
- ঈদের দিন যেহেতু মাংস এবং অন্যান্য গুরুপাক খাবার খাওয়া হবে, সেহেতু তা দাঁতে আটকে গিয়ে অনেকের জন্য বিড়ম্বনাও হতে পারে। তাই ঘরে মাউথপিক এনে রাখুন।
- মজার মজার খাবার যে টেবিলে পরিবেশন করবেন, তার পরিচ্ছন্নতা এবং সাজানোতে মনোযোগ দিবেন।
সর্বোপরি, আপনার সুন্দর ব্যবহার এবং রুচিবোধ দিয়ে সাদরে মেহমানদের আপনার বাসায় নিমন্ত্রন জানান।








