পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দান।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতিমূলক কার্যক্রম আজ সরেজমিন পরিদর্শন করে এ কথা জানান সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের মেয়র বলেন, ‘করোনা মহামারী অতিক্রম করে দুই বছর পরে ঢাকাবাসী যাতে আবারও জাতীয় ঈদগাহে ঈদ-উল-ফিতর এর নামাজ আদায় করতে পারেন, সেই আয়োজন আমরা সম্পন্ন করেছি। জাতীয় ঈদগাহ ময়দান সুন্দর করে সাজানো হয়েছে। এছাড়াও প্রধান ঈদ জামাতের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। এর মাধ্যমে আমরা সৃষ্টি করছি। যাতে ঢাকাবাসী একটি সুন্দর ও নিরাপদ পরিবেশে ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারেন।’
ঢাকাবাসীকে জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি ঢাকাবাসীকে আসন্ন ঈদ-উল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানান। আর সবাই যেন একসাথে ঈদের জামাতে অংশ নিতে পারি, সেজন্য তিনি ঢাকাবাসীকে জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের আমন্ত্রণ জানান।’
ব্যারিস্টার শেখ তাপস জানান, জাতীয় ঈদগাহ ময়দানে একসাথে ৩৫ হাজার মুসল্লী ঈদের জামাতে অংশ নিতে পারবেন। সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
মেয়রের পরিদর্শনকালে আইন-শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গণপূর্ত অধিদপ্তর এবং র্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








