ইসরায়েলকে লক্ষ্য করে হামলা শুরু করেছে ইরান। ইসরায়েলের দিকে কয়েক ডজন ড্রোন ছুড়েছে তেহরান। যেগুলো ইসরায়েলে আসতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।
সামরিক তথ্য বিষয়ক মার্কিন ওয়েবসাইট এক্সিওস রোববার এ তথ্য জানিয়েছে।
ইরান থেকে ড্রোন ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ছুড়েছে ইরান। এগুলো ইসরায়েলের দিকে ছুটে আসছে। বিমান বাহিনী ড্রোনগুলোর ওপর নজর রাখছে। যেগুলো আসতে কয়েক ঘণ্টা সময় লাগবে।
যুক্তরাষ্ট্র প্রথমে ড্রোন ছোড়ার বিষয়টি শনাক্ত করে। এরপর তাৎক্ষণিকভাবে তারা এ ব্যাপারে ইসরায়েলকে অবহিত করে।
ইসরায়েলি সামরিক বাহিনী উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের বোমা শেল্টারের কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী সতর্কতা জারি করে বলেছে, অধিকৃত গোলান মালভূমি, নেভাটিম, ডিমোনা এবং ইলাতের বাসিন্দাদের ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিরক্ষামূলক স্থানের কাছাকাছি’ অবস্থান করতে হবে।
হামলা চালানো শুরু করেছে এবং তেল আবিব ও জেরুজালেমসহ ইসরায়েলজুড়ে শহরগুলোতে বিমান হামলার সাইরেন এবং বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলোকে গুলি করে ধ্বংস করার কাজে ইসরায়েলি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের সঙ্গে জর্ডানের বাহিনীও কাজ করছে।
গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্ক ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরাইল। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আল-কুদস ফোর্সে দুই শীর্ষ জেনারেলসহ সব মিলিয়ে ১১ জন নিহত হয়। সেই হামলার পর থেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান ও আইআরজিসি প্রধানসহ শীর্ষস্থানীয় নীতি নির্ধারকেরা একাধিকবার ইসরাইলের ওপর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন।








