ব্যাপারটা আর ফিসফাস নেই। ইমরুল কায়েসের ব্যাটে রান নেই সেটা এখন টপ লিস্টেড আলোচনাই। কিন্তু ইমরুল স্কোয়াডে টিকে যাচ্ছেন। খেলে যাচ্ছেন একাদশেও। দুই টেস্টের সিরিজ খেলতে যাচ্ছেন সাউথ আফ্রিকায়ও। মূলত অভিজ্ঞতাই এ যাত্রায়ও পার করে দিল বাঁহাতি ব্যাটসম্যানকে। তার জায়গায় নতুন কাউকে দলে টেনে প্রোটিয়াদের বাউন্সি পিচের চ্যালেঞ্জের সামনে ঠেলে দিতে চাননি নির্বাচকরাও।
সদ্যগত অস্ট্রেলিয়া সিরিজে একেবারেই অনুজ্জ্বল ছিলেন ইমরুল। চার ইনিংসে রান ০, ২, ৪ ও ১৫! গত ১৫ ইনিংসে অর্ধশতক মাত্র একটি। দলে থাকা তাই খানিকটা বিস্ময়েরই জন্ম দিয়েছে। বিষয়টা মেনে নিয়েই ইমরুলের সাউথ আফ্রিকার বিমানে চাপার কারণ ব্যাখ্যা করলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
‘সাউথ আফ্রিকা সফর খুব চ্যালেঞ্জিং। অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাটিতে সিরিজের সঙ্গে ওখানে বিস্তর পার্থক্য থাকবে। আমরাও কোনও নতুনকে ওখানে নিতে চাইনি যে শুরুতেই কঠিন পরীক্ষায় পড়ে, যেটা ক্যারিয়ারের জন্য হুমকি হয়ে যায়। তাছাড়া অভিজ্ঞতার বিচারে ওকেই প্রাধান্য দিয়েছি।’
সেই প্রাধান্যটা যে ইমরুল লম্বা সময় ধরে পাবেন না সেটির ইঙ্গিতও মিলল প্রধান নির্বাচকের কথায়, ‘আমরা ওকে এই সিরিজে দেখব। ও যথেষ্ট অভিজ্ঞ। বাউন্সি উইকেটে যথেষ্ট ভালো ব্যাট করে। আমরা আত্মবিশ্বাসী যে ও ফিরে আসবে।’
নির্বাচকদের ‘আমরা ওকে এই সিরিজে দেখব’ কথাটাই বলে দেয় সময় বেশি নেই ইমরুলের। দাঁড়িয়ে আছেন খাদের কিনারায়। প্রতিযোগিতায় টিকে থাকতে ব্যাটে রান আনা জরুরী। নয়তো ৩০ টেস্টে আশেপাশেই থমকে যাবে টেস্ট ক্যারিয়ার।








