শাহবাগে ‘বেআইনিভাবে সমাবেশ করতে চাওয়ায়’ গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে আটক করেছে র্যাব।
র্যাব-৩ এর সিও (কমান্ডিং অফিসার) লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন: বুধবার বিকেলে শাহবাগ থেকে ইমরান এইচ সরকারকে আটক করে র্যাব-৩ এর একটি দল। ইমরান বেআইনিভাবে সেখানে সমাবেশ করতে চেয়েছিলেন। তাই তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে এসেছে।
তবে মঞ্চ সংশ্লিষ্টরা বলছেন, মাদক বিরোধী অভিযানের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে ৬ জুনের এই কর্মসূচির বিষয়ে ডিএমপিকে লিখিতভাবে অবগত করেছিল গণজাগরণ মঞ্চ, পাশাপাশি সমাবেশের নিরাপত্তার জন্য আবেদন করা হয়েছিল।

তাকে আটকের সময় শাহবাগে উপস্থিত থাকা গণজাগরণ মঞ্চের কর্মী আকরামুল হক চ্যানেল আই অনলাইনকে বলেন: সাদা পোশাকে কিছু লোক শাহবাগ থেকে ইমরান এইচ সরকারকে মাইক্রোবাসে তুলে নেয়।
শাহবাগে গণজাগরণ মঞ্চ ও ছাত্র ইউনিয়নের দুটি কর্মসূচি পাশাপাশি চলছিলো। র্যাব সদস্যরা ইমরান এইচ সরকারকে আটক করার সময় বাধা দিতে গেলে ছাত্র ইউনিয়নের দীপক শীল ও লিটন নন্দীসহ ৮-১০ জন আহত হন।









