আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাবেক বোর্ডের লিগ্যাল টিমের কো-অর্ডিনেটর দাবি করে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আপলোডকারী নিঝুম মজুমদারকে দুই সপ্তাহের মধ্যে সশরীরে আদালতে উপস্থিত হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এই আদেশ অমান্য করলে তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া আগামী ১০ ফেব্রুয়ারি ইভ্যালির সাতটি গাড়ির নিলাম পরিচালনা জন্য সুপ্রিম কোর্টের একজন ডেপুটি রেজিস্ট্রারকে দায়িত্ব দিয়েছেন হাইকোর্ট। আর নিলাম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তার স্ত্রী শামীমা নাসরিন এবং তাদের সন্তান ও মা-বাবাসহ পরিবারের অপর সদস্য এবং ইভ্যালির ভবন মালিকের ব্যাংক হিসাবে কেন জব্দ করা হবে না, সে বিষয়ে দুই সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে বলেছেন আদালত।
আদালত কর্তৃক নিযুক্ত ইভ্যালির নতুন পরিচালনা পর্ষদের করা আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক কোম্পানি বেঞ্চ এসব আদেশ দেন। আদালতে ইভ্যালির পরিচালনা পর্ষদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোর্শেদ আহমেদ খান। আর গ্রাহকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন।








