বার্সেলোনার হয়ে শেষ এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছ থেকে বিদায়ী শুভেচ্ছা পাবেন আন্দ্রেস ইনিয়েস্তা। স্প্যানিশ সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন লস ব্লাঙ্কোস কোচ জিনেদিন জিদান। বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে অবশ্য সরাসরি না-ই বলে দিয়েছেন রিয়াল কোচ।
রোববার বাংলাদেশ সময় রাত ১২.৪৫ মিনিটে এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। পয়েন্ট টেবিলের তিনে থাকা রিয়ালের চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে থেকে ইতিমধ্যে লা লিগার শিরোপা নিশ্চিত করেছে আর্নেস্টো ভালভার্দের দল। ঘরের মাঠে ক্লাসিকোর ফিরতি সাক্ষাতে রিয়ালকে হারিয়ে অপরাজিত মৌসুম শেষ করার পথে আরেকধাপ এগোতে চায় কাতালানরা।
আগেই শিরোপা নির্ধারণ হয়ে যাওয়ায় জৌলুস হারানোর শঙ্কায় ছিল মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকো। কিন্তু এক গার্ড অব অনার নিয়ে বিতর্কই উস্কে দিয়েছে ক্লাসিকোর আগুন। ক্লাব বিশ্বকাপে শিরোপা জেতার পর বার্সার কাছ থেকে গার্ড অব অনার না পাওয়ার ক্ষোভ যে এখনো ভোলেননি জিদান, সেটারই প্রমাণ মিলল সংবাদ সম্মেলনে।
রিয়াল কোচের সাফ জবাব প্রথাটা ভেঙেছে বার্সাই। তার দল বরং ইনিয়েস্তাকে সম্মান জানাবে, ‘আমি আগেও বলেছি। আমরা ইনিয়েস্তাকে আমাদের শ্রদ্ধা জানাবো। সে শুধু খেলোয়াড় নয়, আমরা সবাই জানি সে কেমন মানুষ। আমরা তার দিকে হাত নাড়াবো, তাকে সাধুবাদ জানাবো আর তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা থাকবে আমাদের।’
ক্লাব বিশ্বকাপ জয়ের পর মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সার কাছ থেকে গার্ড অনার চেয়েছিলেন রিয়াল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু কাতালান জায়ান্টরা তা দেয়নি। স্প্যানিশ লিগের প্রথা অনুযায়ী শিরোপা নিশ্চিত হয়ে গেলে প্রতিপক্ষের সম্মান হিসেবে গার্ড অব অনার পায় ট্রফি জয়ী দল। আর বার্সার যুক্তি ছিল ক্লাব বিশ্বকাপে যেহেতু তারা খেলেনি, তাই রিয়ালকে সম্মান জানাতে বাধ্য নয়। সেটাই এখন টেনে আনছে রিয়াল।
নিজেদের যুক্তিতে অটুট রিয়াল শিবির। অন্যকিছু মোটেও মানছেন না জিদান। বার্সার দাবিকে রিয়াল কোচ দেখছেন ডাহা মিথ্যা হিসেবে, ‘কেউ কেউ বলছে যে তারা সে প্রতিযোগিতায় খেলেনি। এটা একদমই মিথ্যা কথা। ক্লাব বিশ্বকাপ জিততে হলে আপনাকে চ্যাম্পিয়ন্স লিগ জিততে হবে। আর আমরা সবাই কিন্তু সেখানে খেলেছি।’
‘আমি একাই কিন্তু গার্ড অব অনার না দেয়ার সিদ্ধান্ত নেইনি। এটা সবাই মিলে নেয়া সিদ্ধান্ত। শ্রদ্ধার সঙ্গে বলছি, আমরা তাদের গার্ড অব অনার দেবো না, কারণ তারা আমাদের দেয়নি।’
সংবাদ সম্মেলনের এক ফাঁকে উঠে এসেছে চ্যাম্পিয়ন্স লিগ প্রসঙ্গও। লা লিগায় খোঁড়ালেও ঠিকই টানা তৃতীয়বারের মত ইউরোপ সেরার লড়াইয়ের ফাইনালে রিয়াল। সমালোচকদের তির্যক মন্তব্য, রেফারির সহায়তায় কিয়েভের ফাইনালে খেলছে রিয়াল।
এমন প্রশ্ন শোনার পর বিরক্তিও প্রকাশ করেছেন জিদান, ‘আমি নিজে এর মাঝে ছিলাম না এতটুকু বলতে পারি। ফাইনালটা আমাদেরই প্রাপ্য। আমরা জিতেছি। অনেক প্রতিকূলতার মাঝে খেলছি। এক রেফারির প্রসঙ্গ তুলে আপনারা আমাদের অর্জনকে খাটো করে দেখতে পারেন না।’








