নিজের শহরে সেঞ্চুরিতে রাঙিয়েছেন বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সবশেষ রাউন্ড। সেই ম্যাচেই এসেছে বড় এক দুঃসংবাদ। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ১৩ এপ্রিল ম্যাচের শেষদিনে বাঁ-পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। মঙ্গলবার শুরু হতে যাওয়া পঞ্চম রাউন্ডে খেলতে পারবেন না নর্থ জোনের এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
‘এখন বিশ্রামে থাকতে হবে মুশফিককে। চারদিন পেরিয়ে গেছে। প্রতি সপ্তাহে আমরা তাকে সপ্তাহ ধরে পর্যবেক্ষণ করবো। এ মুহূর্তে বলা কঠিন সুস্থ হতে কতদিন লাগবে।’ টাইগার দলের নির্ভরযোগ্য সদস্যকে নিয়ে এভাবেই জানালেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
বগুড়ায় চতুর্থ রাউন্ডের শেষদিনে ফুটবল খেলতে গিয়ে সতীর্থ নাজমুল হোসেন শান্তর সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়েছিলেন মুশফিক। চোটটা তখনই পান। নিধাস ট্রফি শেষ করে বিসিএলে নেমেই সেঞ্চুরি করেছিলেন। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট করার দরকার হয়নি। সেন্ট্রাল জোনের সঙ্গে ম্যাচটি মুশফিক আরেকবার নামার আগেই ড্র হয়ে যায়।








