ঊরুর ইনজুরির কারণে চলতি মৌসুমের বাকি অংশে আর মাঠে নামতে পারবেন না বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে।
গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পিকের চোট পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে বার্সেলোনা। গণমাধ্যমের খবর অনুযায়ী, মৌসুম শেষ হওয়ার আগে কাতালান ক্লাবটি তার সুস্থ হওয়ার আশা ছেড়ে দিয়েছে।
বেশ কয়েক মাস ধরে টেন্ডিনোপ্যাথিতে ভুগছেন পিকে। গত রোববার লা লিগার ম্যাচে রিয়াল মায়োর্কার বিপক্ষে ম্যাচের ২৮ মিনিটেই পিকে মাঠ চাহড়তে বাধ্য হন। খেলায় ২-১ গোলে জিতেছিল বার্সা। চলতিমৌসুমে সব প্রতিযোগিতায় মিলিয়ে ক্লাবের হয়ে ৩৯ ম্যাচ খেলেছেন পিকে।
৪ ম্যাচ হাতে রেখেই ইতোমধ্যে লা লিগার শিরোপা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিয়ে তেমন সংশয় নেই। ফলে পিকের অনুপস্থিতি দলের খুব বড় সমস্যা হবে না। ঝুঁকি না নিয়ে পিকে বার্সেলোনার সাথে প্রাক-মৌসুমে পুরোপুরি সেরে ওঠার দিকে মনোনিবেশ করবেন।







