ইউরো-২০২০ বাছাইপর্বের গ্রুপপর্ব শেষ। এখন শুরু হয়েছে অন্য আলোচনা। আসল লড়াইতে টুর্নামেন্টের ফেভারিট কারা? কেইবা হবে ‘অন্ধকারের ঘোড়া’? প্লে-অফের মাধ্যমে আর কোন কোন দল মূল আসরে খেলার আশা করছে?
আগেরবার ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের প্রচারাভিযানে বড় দুর্ঘটনার নাম ছিল নেদারল্যান্ডস। সেবার তারা মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল। এবার ডাচরাসহ প্রায় সব ওজনদার দলগুলো কোনো সমস্যা ছাড়াই মূলপর্বের পথ খুঁজে নিয়েছে।
মূলপর্বে প্রতিযোগিতা করবে ২৪টি দল। এরইমধ্যে সেখানে জায়গা করে নিয়েছে ২০টি দল। বাকী চার দল প্লে-অফ খেলে নিজেদের জায়গা পাকা করবে।
যাদের মূলপর্ব নিশ্চিত: বেলজিয়াম, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফিনল্যান্ড, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রাশিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক, ইউক্রেন ও ওয়েলস।
মূলপর্বে যেতে প্লে-অফ খেলতে হবে: বেলারুশ, বসনিয়া এন্ড হার্জেগোভিনা, বুলগেরিয়া, জর্জিয়া, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইসরায়েল, কসোভো, নর্থ মেসিডোনিয়া, নর্দার্ন আয়ারল্যান্ড, নরওয়ে, রিপাবলিক অব আয়ারল্যান্ড, রোমানিয়া, স্কটল্যান্ড ও স্লোভাকিয়া।
মঙ্গলবার রাতে ইউরো বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে বড় জয় পেয়েছে জার্মানি। সের্গে জিনাব্রির হ্যাটট্রিকে ৬-১ গোলে জিতেছে স্বাগতিকরা।
একই রাতে এস্তোনিয়াকে ৫-০ গোলে হারায় নেদারল্যান্ডস। আজারবাইজানের বিপক্ষে ২-০ গোলে জেতে স্লোভাকিয়া। একই ব্যবধানে হাঙ্গেরিকে হারায় গ্যারেথ বেলের ওয়েলস। ইসরায়েলকে ১-০ গোলে হারায় নর্থ মেসিডোনিয়া, একই ব্যবধানে অস্ট্রিয়ার বিপক্ষে জয় পায় লাটভিয়া। স্লোভেনিয়াকে ২-৩ গোলে হারায় পোল্যান্ড।
আধাডজন গোলে জয় পায় বেলজিয়ামও। সাইপ্রাসের বিপক্ষে হ্যাজার্ড-লুকাকুরা জেতে ৬-১ গোলে। সান মেরিনোকে ৫-০ গোলে উড়িয়ে দেয় রাশিয়া। কাজাখস্থানকে ১-৩ গোলে হারায় স্কটল্যান্ড।








