উন্নয়ন পরিকল্পনা এবং বাজেট প্রণয়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে ইউনিয়ন পরিষদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে ২০১২-২০১৭ মেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্ট (ইউপিজিপি)।
ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্টের অর্জিত ফলাফল, উদ্ভাবন, উত্তম চর্চা, শিখন ও অভিজ্ঞতা’ শীর্ষক এক সমাপনী কর্মশালায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। স্থানীয় সরকার বিভাগের গৃহীত ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্ট (ইউপিজিপি) বাস্তবায়ন শেষে এ সমাপনী কর্মশালার আয়োজন করা হয়।
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ইকরামুল হকের সভাপতিত্বে কর্মশালায় ইউপিজিপি’র অর্জিত ফলাফল, উত্তম চর্চা, শিখন ও অভিজ্ঞতাসমূহ তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. সালাহউদ্দিম এম আমিনুজ্জামান।
এছাড়া মাঠ পর্যায়ে নিয়োজিত সরকারি কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি ও প্রকল্পের সুবিধাভোগী জনগণ তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক বলেন, ইউপিজিপি স্থানীয় সরকার বিভাগের একটি “ফ্ল্যাগশীপ” প্রকল্প যা নির্ধারিত লক্ষ্য ও উদ্দেশ্য মানসম্মতভাবে অর্জন করেছে। প্রকল্পটির মাধ্যমে স্থানীয় সুশাসন ও বিকেন্দ্রীকরণের ওপর ২০টি নীতি সমীক্ষা পরিচালনা করা হয়েছে। যেগুলোর কয়েকটি সুপারিশমালা সরকারের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অন্তর্ভুক্ত হয়েছে।
তিনি আরো বলেন, এ প্রকল্প ওয়ার্ড সভা, স্থায়ী কমিটি, উন্মুক্ত বাজেট অধিবেশন ইত্যাদি জনঅংশগ্রহণের মাধ্যমে সক্রিয়করণ এবং ইউনিয়ন পরিষদের সাধারণ কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করেছে।
‘এ প্রকল্পের মাধ্যমে ৪ হাজার ৬শ ৩০টি এমডিজি সংশ্লিষ্ট উন্নয়ন স্কিম বর্ধিত থোক বরাদ্দের মাধ্যমে বাস্তবায়ন করা হয় এবং ইউনিয়ন পরিষদের জন্য ওয়েব-বেইজড তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি বা এমআইএস পাইলট ভিত্তিতে প্রকল্পভুক্ত ৫৬৪টি ইউনিয়ন পরিষদে প্রবর্তন করা হয়। এছাড়াও প্রকল্প এলাকায় নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের সমন্বয়ে নারীর ক্ষমতায়নে নারী উন্নয়ন ফোরাম গঠন করা হয়।’
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপি-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মি. সুদীপ্ত মূখার্জী ও ইউরোপীয়ান ডেলিগেশন বাংলাদেশের গভর্ন্যান্স টিম লিডার মিস ওড্রে মেইলট।
স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে সরাসরি বাস্তবায়িত পাঁচ বছর মেয়াদী এ প্রকল্পের কাজ শুরু হয় ২০১২ সালে। ইউএনডিপি, ইউরোপীয়ান ইউনিয়ন, ডানিডা ও ইউএনসিডিএফ এ প্রকল্পে আর্থিক ও কারিগরী সহায়তা প্রদান করে।
প্রকল্পটি ৭টি বিভাগের ৭টি জেলা- কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, বরগুনা, খুলনা, সুনামগঞ্জ ও রংপুরের ৫৬৪টি ইউনিয়নে বাস্তবায়ন করা হয়েছে।








