ক্ষমতা দখলে ভাইয়ে ভাইয়ে লড়াই নতুন কিছু নয়। সেই মহাভারতের আমল থেকে চলে আসছে। তেমনি এক প্রেক্ষাপটে তৈরি সিনেমা ‘ব্রাদার্স’ এর অফিসিয়াল ট্রেলরটি মুক্তি পেয়েছে সামাজিক গণমাধ্যম ইউটিউবে।
বিদ্যা বালানের সূত্র ধরে যদি বলতে হয় তাহলে একটি সিনেমা হিট হতে লাগে এন্টারটেইমেন্ট, এন্টারটেইমেন্ট এবং এন্টারটেইমেন্ট। কিন্তু পরিচালক করণ মালহোত্রা মনে হয় তা মানেন না, তার সূত্র হলো অ্যাকশন, অ্যাকশন এবং অ্যাকশন।
সম্পূর্ণ অ্যাকশনধর্মী সিনেমা আর খিলাড়ি অক্ষয় কুমার থাকবেন না তা কি হয়? ‘ব্রাদার্স’ সিনেমায় অক্ষয়’র সঙ্গে ভাইয়ের চরিত্রে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন ‘এক ভিলেন’ খ্যাত সিদ্ধার্থ মালহোত্রা। অক্ষয়ের জন্য অ্যাকশন নতুন কিছু না হলেও, রোমান্টিকতা ছেড়ে পুরোপুরি অ্যাকশন হিরোর ইমেজে দেখা যাবে সিদ্ধার্থকে।
অসুস্থ মেয়েকে সারিয়ে তুলতে শিক্ষকতা পেশা ছেড়ে ফুল টাইম ফাইটার হতে চান একজন বাবা। এমনই একটি গল্পের পটভূমিতে আরেক বক্সার ভাইয়ের সঙ্গে লড়াই করতে হয়। বলিউড সিনেমার অন্যান্য মাল-মশলাও থাকছে যথারীতি।
‘ব্রাদার্স’ ছবিতে অক্ষয়ের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন বর্তমান সময়ের টপ অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ্। তবে সিদ্ধার্থ’র বিপরীতে কে রয়েছে তা ট্রেলরটিতে দেখানো হয়নি। সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা জ্যাকি স্রফ।
‘ব্রাদার্স’ ছবিটি মুক্তি পাবে এবছরের ১৪ আগস্ট।






