আন্তর্জাতিক

ইউক্রেন নিয়ে বিরল বৈঠকে বসছে জাতিসংঘ

জাতিসংঘের বৈঠকে বিশ্ব নেতারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের বৈঠকে বিশ্ব নেতারা গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে অংশ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউক্রেন নিয়ে জাতিসংঘের ইতিহাসে সাধারণ পরিষদের বিরল এক ‘বিশেষ বৈঠক’ হতে যাচ্ছে। নিরাপত্তা পরিষদের আহ্বানে সাধারণ পরিষদের ১৯৩ সদস্য আজ সোমবার জরুরি অধিবেশনে বসবে।

এর আগে ইউক্রেন নিয়ে আলোচনা করতে জাতিসংঘের সাধারণ সভা আহ্বানে প্রস্তাব আনা হয় নিরাপত্তা পরিষদে। সেই সংক্রান্ত ভোটে অংশ নেয়নি ভারত, চীন এবং সংযুক্ত আরব আমিরাত।

এই ধরনের বিশেষ সাধারণ সভা জাতিসংঘের ইতিহাসে বিরল। এর আগে সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তান দখল করেছিল, তখন এই ধরনের বিশেষ সাধারণ সভার ডাক দেয়া হয়েছিল।

তবে সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাব মেনে চলা বাধ্যতামূলক নয়। কিন্তু এর রাজনৈতিক গুরুত্ব রয়েছে। যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা মনে করেছ, জাতিসংঘের মাধ্যমে কোনো পদক্ষেপ নেয়া গেলে রাশিয়াকে আরও বেশি বিচ্ছিন্ন করে ফেলা যাবে।

রাশিয়ার পারমাণবিক হামলা প্রতিরোধী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশকে অগ্রহণযোগ্য বলেছে যুক্তরাষ্ট্র। আর এটিকে বিপজ্জনক ও দায়িত্বহীন বলে আখ্যায়িত করেছে ন্যাটো।

পরিস্থিতি বিবেচনায় নিজ নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স।

গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন। পরে বিভিন্ন শহরে হামলার খবর পাওয়া যায়। যদিও রাশিয়া হামলার বিষয়টি অস্বীকার করে ইউক্রেনের সামরিক অবকাঠামো, বিমান প্রতিরক্ষা ও বিমান বাহিনীর উন্নত অস্ত্রকে টার্গেট করা হচ্ছে বলে জানিয়েছে।

আজ সোমবার রাশিয়ার ইউক্রেন আক্রমণের পঞ্চম দিন চলছে।

বিষয়:ইউক্রেনজাতিসংঘরাশিয়ারাশিয়া ইউক্রেন সংকট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…