ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে বাদ পড়েছেন দলের অন্যতম দুই পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ড ব্রড।
অ্যাশেজ বিপর্যয়ের পর টিম ম্যানেজমেন্টেও এসেছে পরিবর্তন। ইংলিশদের অন্তর্বর্তী নির্বাচক প্যানেলে এসেছেন অ্যান্ড্রু স্ট্রস, পল কলিংউড এবং জেমস টেলর। তারা দায়িত্বে এসে টেস্টে নতুন বলে দলের সবচেয়ে সফল জুটি অ্যান্ডারসন ও ব্রডকে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজে বিবেচনা করেননি।
অন্তর্বর্তী নির্বাচক প্যানেল টেস্টে অভিষেক না হওয়া সাকিব মাহমুদ ও ম্যাথু ফিশারকে দলে রেখেছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ইংল্যান্ড দলে ডাক পাওয়া আরেক নতুন মুখ লেগ ব্রেক বোলার ম্যাথু পারকিনসন। পাঁচ ওয়ানডে ও চার টি-টুয়েন্টি খেলা পারকিনসনের এখন টেস্ট ক্যাপ পাওয়ার অপেক্ষা। নতুন মুখের মধ্যে আরও আছেন ইয়র্কশায়ারে খেলা ওপেনিং ব্যাটার অ্যালেক্স লিস।
ইংল্যান্ডের হয়ে টেস্টে ৬৪০ উইকেট নেওয়া ৩৯ বছর বয়সী অ্যান্ডারসন টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বাধিক উইকেট শিকারি। অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া শেষ অ্যাশেজে তিন ম্যাচে ২৩.৩৭ গড়ে ৮ উইকেট নিয়েছিলেন।
সর্বশেষ অ্যাশেজে ২৬.৩০ গড়ে ১৩ উইকেট নিয়ে ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল স্টুয়ার্ট ব্রড-ও ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে নেই। ইয়ান বোথাম ও বব উইলসের মতো খ্যাতিমান বোলারদের টপকে ইংলিশদের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সেরা উইকেট শিকারি এখন ব্রড। তার উইকেট সংখ্যা ৫৩৭।
গত সপ্তাহে হেড কোচ ক্রিস সিলভারউডকে বরখাস্ত করার পর অস্ট্রেলিয়া সফরে যাওয়া আট ইংলিশ ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন না। অ্যান্ডারসন ও ব্রডের সঙ্গে এই তালিকায় আছেন- জস বাটলার, ররি বার্নস, হাসিব হামিদ, ডেভিড মালান, স্যাম, বিলিংস এবং ডম বেস। বাটলার না থাকায় দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার বেন ফোকস।
স্কোয়াড প্রসঙ্গে ইংল্যান্ডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা পরিচালক স্ট্রস বলেছেন, ‘জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রডের বিষয়ে আমি জোর দিয়ে বলতে চাই যে এটি ইংল্যান্ডের খেলোয়াড় হিসেবে এখানেই তাদের শেষ নয়। আমরা মনে করি কিছু সম্ভাবনাময় নতুন ভালো বোলারের দিকে নজর দেয়া এবং অন্যান্য খেলোয়াড়দের কিছু অতিরিক্ত দায়িত্ব নেয়া গুরুত্বপূর্ণ।’
‘‘এই গ্রীষ্ম মৌসুমে এবং এরপর তারা দলে যুক্ত হবেন কি না, সেই সিদ্ধান্ত নতুন ব্যবস্থাপনা পরিচালক এবং স্থায়ী প্রধান কোচের উপর নির্ভর করবে।’’
ইংল্যান্ড স্কোয়াড: জো রুট (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জাক ক্রাওলি, ম্যাথু ফিশার, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, অ্যালেক্স লিস, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, ম্যাট পারকিনসন, ওলি পোপ, ওলি রবিনসন, বেন স্টোকস, ক্রিস ওকস ও মার্ক উড।








