অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ভারতের আসাম ও বিহারে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। যা ক্রমেই আরো ভয়াবহ রূপ ধারণ করছে। আসামের মানুষের জীবনে নেমে এসেছে দুৰ্দশা। এই বন্যাক্রান্ত মানুষদের সহায়তায় ৫১ লাখ রুপির অনুদান দিলেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন।
ভারতের সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, আসামের বন্যার্তদের জন্য সেখানকার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কাছে ত্রাণ তহবিলে ৫১ লাখ রুপি অনুদান করেছেন অমিতাভ।
অমিতাভের এই মহৎ কাজের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। যদিও বন্যার্তদের পাশে দাঁড়ানোর বিষয়টি অমিতাভের জন্য নতুন কিছু নয়। এর আগেও কেরালাতে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি।
আসামের মূখ্যমন্ত্রীরর টুইটটি শেয়ার করে অমিতাভ বলিউডসহ ভারতের ধনাঢ্য পরিবারগুলোর প্রতিও অনুদানের আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, এর আগে আসামের বন্যাক্রান্তদের জন্য বলিউডের খিলাড়ি খ্যাত অভিনেতা অক্ষয় কুমারও ২ কোটি টাকা দান করেছিলেন।








