আলবেনিয়াকে হারিয়ে ইউরো যাত্রা করেছে শিরোপার দাবি নিয়ে জার্মানি আসা ইতালি। শনিবার রাতে ২-১ গোলের জয় তুলেছে প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দলটি।
‘বি’ গ্রুপে স্পেন ও ক্রোয়েশিয়ার সঙ্গী হয়ে আজ্জুরিরা বেশ পরীক্ষার মধ্যে আছে। নিজেদের প্রথম ম্যাচে আরেক শক্তিশালী ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে শিরোপার দাবি নিয়ে আসা আরেক শক্তিশালী স্পেন।
ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় আলবেনিয়া। গোল আনেন বাজরামি। ১১ মিনিটে সেটি শোধ করে দেয় ইতালি। পেল্লেগ্রিনির সহায়তায় গোল আদায় করে নেন বাস্টোনি।
পাঁচ মিনিটের ব্যবধানে লিডও নেয় ইতালি। বারেল্লা গোল করেন ১৬ মিনিটে। প্রথমার্ধের বাকি সময় তো বটেই, ম্যাচেই আর গোলের দেখা মেলেনি। তবে আজ্জুরিদের জন্য সেটি জয়ে বিঘ্ন ঘটাতে পারেনি।








