ইমপ্রেস টেলিফিল্ম-এর আলোচিত ছবি ‘আলতা বানু’র জন্য টেলিভিশন রিপোটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব)-এর পক্ষ থেকে বিশেষ সম্মাননা পেলেন নির্মাতা অরুণ চৌধুরী।
সোমবার (৬ জানুয়ারি) রাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে ‘বেস্টওয়ে গ্রুপ- ২০তম ট্র্যাব অ্যাওয়ার্ড প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান’-এ সম্মাননা প্রদান করা হয়। এতে আজীবন সম্মাননা পেয়েছেন বিশিষ্ট নাট্যজন মঞ্চসারথি আতাউর রহমান এবং বরেণ্য লালনসংগীত শিল্পী ফরিদা পারভীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বেস্টওয়ে গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী ও সাংবাদিক রাজু আলীম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাদের মনসুর।
বিশেষ সম্মাননা প্রাপ্তির পর নির্মাতা অরুণ চৌধুরী বলেন, চলচ্চিত্র নির্মাতা হওয়ার আগে আমিও সাংবাদিক ছিলাম। কাজেই সাংবাদিকদের দেয়া এই পুরস্কারটি আমার কাছে বিশেষ গুরুত্বের, আমার জীবনে একটি বড় পাওয়া। কারণ ‘আলতা বানু’ কানাডার টরেন্টো ফিল্ম ফেস্টিভালসহ বেশকিছু চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে, কিন্তু ট্র্যাবের এই সম্মাননাটা আমার কাছে গৌরবের।
এছাড়াও স্বনামধন্য চিত্রনায়ক-নায়িকা, সংগীত শিল্পীসহ মিডিয়ার বিভিন্ন সেক্টরে অবদান রাখার জন্য বিভিন্নজনকে বেস্টওয়ে গ্রুপ- ২০তম ট্র্যাব অ্যাওয়ার্ড দেওয়া হয়। এদের মধ্যে অরুণ চৌধুরী ছাড়াও রাজু আলীম, চিত্রনায়ক ফেরদৌস, সংগীত শিল্পী মেহরিন, সম্পা দাশ প্রমুখ উল্লেখযোগ্য।
দুই বোনের বন্ধন এবং কষ্টের উপাখ্যান ‘আলতাবানু’। শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের কাহিনী অবলম্বনে নির্মিত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটির চিত্রনাট্য করেছিলেন বৃন্দাবন দাস। ‘আলতা বানু’ চলচ্চিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, আনিসুর রহমান মিলন, রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, দিলারা জামান, সাবেরী আলম প্রমুখ।








