তিন ম্যাচেই বড় ব্যবধানে জয় তুলে আয়ারল্যান্ডের সঙ্গে শক্তির ব্যবধান কতটা বোঝালেন বাংলাদেশের মেয়েরা। মিরপুরে ওয়ানডে সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত ক্রিকেট খেলে হোয়াইটওয়াশের আনন্দ উপভোগ করল নিগার সুলতানা জ্যোতির দল। এবার সিলেটে হবে টি-টুয়েন্টি সিরিজের তিন ম্যাচ।
সোমবার শের-ই-বাংলা স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। ১৮৬ রানের লক্ষ্যে পৌঁছাতে টিম টাইগ্রেস হারায় ৩ উইকেট, ৩৭.৩ ওভারে খেলা শেষ করে স্বাগতিক দল।
সিরিজজুড়ে দারুণ ধারাবাহিক শারমিন আক্তার সুপ্তা আজও খেলেছেন ক্ল্যাসিক ইনিংস। ৮৮ বলে ১১ চারে ৭২ রান করে আউট হন।
ওপেনার ফারজানা হক পিংকি যথারীতি ফিফটি তুলে নেন। ৯৯ বলে ৬১ রান করে আউট হন বাংলাদেশকে জয়ের খুব কাছে রেখে।
অধিনায়ক জ্যোতি ১৮ বলে ১৮ ও সোবহানা মোস্তারি ৮ বলে ৭ রানে অপরাজিত থাকেন।
মাঝারি লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে আবারও হতাশ করেন মুর্শিদা খাতুন। ১৬ বলে ৮ রান করে ফেরেন সাজঘরে। পরে রেকর্ড জুটি গড়েন সুপ্তা-ফারজানা। তাদের জুটিতে দেড়শ পেরিয়ে যায় বাংলাদেশ। যেকোনো উইকেটে বাংলাদেশের মেয়েদের ওয়ানডেতে ১৪৩ রানের জুটি সর্বোচ্চ।
সকালে ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, সুলতানা খাতুনের বোলিং তোপে আয়ারল্যান্ডকে ১৮৫ রানে আটকে দেয় বাংলাদেশ।
আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেন। ফাহিমা তিনটি, নাহিদা ও সুলতানা দুটি করে উইকেট নেন। শেষ ওয়ানডেতেও স্পিনে ঘায়েল হয় সফরকারী দল।
টানা তিন ওয়ানডেতে দাপট দেখিয়ে জিতেছে বাংলাদেশ। সামনে টি-টুয়েন্টি সিরিজ থাকায় শেষ দুই ম্যাচে ব্যাটিংয়ে আগ্রাসী ছিল স্বাগতিক দল।








