বিনোদন

আমজাদ হোসেনের মৃত্যুতে চ্যানেল আই কার্যালয়ে শোক বই

আমজাদ হোসেনের মৃত্যুতে চ্যানেল আই কার্যালয়ে শোক বই

ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কিংবদন্তি নির্মাতা, গীতিকার ও লেখক আমজাদ হোসেন। তার মৃত্যুতে চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনসহ শোকের ছায়া নেমে এসেছে সারাদেশে। জনপ্রিয় এই নির্মাতা, অভিনেতা ও গীতিকারের মৃত্যুতে চ্যানেল আইতে রাখা হয়েছে শোক বই।

চ্যানেল আই ভবনে আমজাদ হোসেনের স্মরণে রাখা শোক বইয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বার্তা লিখেছেন বিশিষ্টজনেরা। কেউ তার বন্ধু, কেউ প্রিয়জন, কেউ বা শিষ্য। প্রিয় মানুষের প্রস্থানে শোকাতুর সবাই লিখেছেন মনের কথা।

শুক্রবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৭ মিনিটে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমজাদ হোসেন।

এরআগে ব্রেন স্ট্রোক করে গত ১৮ নভেম্বর সকালে তেজগাঁয়ের ইমপালস হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাংলা চলচ্চিত্রের মাইলস্টোন ছবি ‘গোলাপী এখন ট্রেনে’র এই নির্মাতা। হাসপাতালে ভর্তির পর থেকেই ছিলেন টানা লাইফ সাপোর্টে। এরপর উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ২৭ নভেম্বর দিবাগত রাতে নিয়ে যাওয়া হয় ব্যাংককে। সেখানে প্রায় ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় এই কিংবদন্তি।

আমজাদ হোসেনের পরিচালনায় জনপ্রিয়তা পাওয়া ছবিগুলোর মধ্যে রয়েছে ‘বাল্যবন্ধু’, ‘পিতাপুত্র’, ‘এই নিয়ে পৃথিবী’, ‘বাংলার মুখ’, ‘নয়নমনি’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘কসাই’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘দুই পয়সার আলতা’, ‘সখিনার যুদ্ধ’, ‘ভাত দে’, ‘হীরামতি’, ‘প্রাণের মানুষ’, ‘সুন্দরী বধূ’, ‘কাল সকালে’, ‘গোলাপী এখন ঢাকায়’ ‘গোলাপী এখন বিলেতে’ ইত্যাদি।

১৯৭৮ সালে ‘গোলাপী এখন ট্রেনে’ এবং ১৯৮৪ সালে ‘ভাত দে’ চলচ্চিত্র নির্মাণের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া নানামাত্রিক কাজের জন্য ১৪ বার জাতীয়ভাবে স্বীকৃতি পেয়েছেন। একইসাথে বাংলা একাডেমী পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

বিষয়:আমজাদ হোসেনচ্যানেল আইলিড বিনোদনশোক বই
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…