আবারও ইবোলা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে আবার ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর এই ভাইরাসটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি সভা ডেকেছে এরই মধ্যে। এই সভা থেকেই সিদ্ধান্ত নেওয়া হবে আন্তর্জাতিকভাবে জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা করা হবে কিনা।
সম্প্রতি অন্তত ৪৪ জন ইবোলায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে, এবং অন্তত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কঙ্গোর খুবই প্রত্যন্ত অঞ্চলে ইবোলা আক্রান্তের খবর পাওয়া গেছে, তবে মান্ডাকা শহরেও একজন আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে।
১ মিলিয়ন মানুষের শহর মান্ডাকার কঙ্গো নদী যোগাযোগের একটি চক্র কেন্দ্র। তাতেই অনেকের মনে ভয়, হয়তো ভাইরাসটি ছড়িয়ে পড়বে আরো বেশি। ঝুঁকিতে রয়েছে রাজধানী কিনশাসা এবং আশেপাশের দেশগুলোও।
ইবোলা এক ধরনের প্রদাহগত অসুস্থতা যার ফলে শরীরের ভেতরে রক্তক্ষরণ হয়। ফ্লুর মতো কিছু লক্ষণ দিয়ে শুরু হলেও বেশিরভাগ সময়ই মারাত্মক আকার ধারণ করে রোগটি। স্বল্প পরিমাণে শরীরের কোনো তরল দিয়েও এই রোগ খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে অন্যজনের শরীরে।
এর আগে ২০১৪-২০১৬ সালে পশ্চিম আফ্রিকায় ইবোলার আক্রমণে মারা যায় এগারো হাজার মানুষ।








