আবারও বিদেশি নাগরিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। দিনাজপুরের মির্জাপুর বিআরটিসি বাস ডিপো এলাকায় এক ইটালিয়ান নাগরিককে গুলি করেছে সন্ত্রাসীরা।
ড. পিয়েরো পারোলারি নামের ওই ইতালিয়ানকে মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি স্থানীয় একটি ক্যাথলিক চার্চের ফাদার।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তিনি বাইসাইকেল যোগে সুইহারী আশ্রম থেকে মিশন হাসপাতালের দিকে যাচ্ছিলেন। তিনি বাস ডিপোর পাশে দি লেক্রসি মিশন বাংলাদেশ নামে একটি ক্যাথলিক মিশনে থাকতেন। তিনি স্বাধীনতার পর থেকে বাংলাদেশে অবস্থান করছেন। পেশায় চিকিৎসক পিয়েরো সকালে বাইসাইকেলে করে শহরের দিকে যাওয়ার সময় বিআরটিসি বাস ডিপোর সামনে পৌঁছালে, তিন মোটরসাইকেল আরোহী তাকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে পিয়ারো রাস্তায় পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
দিনাজপুর পুলিশ সুপার মো. রুহুল আমিন জানান, পিয়েরোর ঘাড়ে গুলি লেগেছে। চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছেন। অবস্থার গুরুত্ব বিবেচনায় তাকে ঢাকায় স্থানান্তর করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় সুইমিং শেষে বাড়ি ফেরার পথে ২ নম্বর গুলশানের ৯০ নম্বর সড়কে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইতালীয় নাগরিক ও উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তা টাভেলা সিজার।
আর গত ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারি গ্রামে মুখোশধারীদের গুলিতে নিহত হন জাপানি হোশি কুনিও।







