সাকা-মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি আজমানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত দুই যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের চূড়ান্ত রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি আজ কার্যতালিকায় রয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগে শুনানি হবে।
আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকায় আবেদন দু’টি ১৬ ও ১৭ নম্বরে আছে। রিভিউ আবেদনের ওপর শুনানি পেছাতে সময়ের আবেদন জানিয়েছেন মুজাহিদের আইনজীবী। অন্যদিকে নিজের পক্ষে ৫ পাকিস্তানিসহ মোট ৮ জন সাফাই সাক্ষীকে সমন জারি করার আবেদন করেছেন সাকা চৌধুরী।
এ দুই আবেদনেরও শুনানির দিন একই সঙ্গে ধার্য রয়েছে কার্যতালিকায়। ১৪ অক্টোবর আপিল বিভাগে পৃথকভাবে রিভিউ আবেদন করেন বিএনপি নেতা সাকা চৌধুরী ও জামায়াত নেতা মুজাহিদ। পরদিন আবেদন দু’টির দ্রুত শুনানির দিন ধার্যের আবেদন জানায় রাষ্ট্রপক্ষ।
২০ অক্টোবর রিভিউ শুনানির দিন ২ নভেম্বর ধার্য করেন আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার আদালত।







