ক্রিকেটে ১৩ বছরের পথ চলার ইতি টানার ঘোষণা দিয়েছেন সুরাঙ্গা লাকমাল। ২০০৯ সালে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর পর সেই দলটির বিপক্ষেই তুলে রাখবেন ব্যাট-প্যাড।
নিজের অবসরের সিদ্ধান্ত শ্রীলঙ্কান বোর্ডকে (এসএলসি) জানিয়েও দিয়েছেন ডানহাতি পেসার। চলতি বছর ভারতের বিপক্ষে আসন্ন সফর হতে চলছে বাইশ গজে লাকমালের শেষ ক্রিকেট ম্যাচ।
অবসরের পত্রে লঙ্কান পেসার লিখেছেন, ‘আমাকে সুযোগ ও দেশের সম্মান রাখার দায়িত্বে বিশ্বাস রাখায় শ্রীলঙ্কার ক্রিকেটের কাছে সবসময় ঋণী থাকব। এটা সত্যিই আনন্দের, এমন একটা বোর্ডের সঙ্গে সম্পর্ক রাখা যারা পেশা ও ব্যক্তিগত দুই জীবনকেই সমৃদ্ধ করেছে। আমার সব খেলোয়াড়, কোচ ও সতীর্থ ও সাপোর্ট স্টাফের প্রতি পূর্ণ সম্মান জানাচ্ছি।’
সাবেক টেস্ট অধিনায়ক লাকমল বল হাতে লঙ্কানদের দারুণ কিছু এনে দিয়েছেন। তিন ফরম্যাটে মূল বোলার হিসেবে দারুণ সফলও তিনি। বলে গতি, বাউন্স এবং সুইং করানোর ক্ষমতা তাকে ব্যতিক্রম করেছে অন্যদের থেকে। চড়াই-উতরাইয়ের ক্যারিয়ারে সাদা পোশাকে ৬৮ ম্যাচ খেলে শিকার করেছেন ১৬৮ উইকেট। চারবার শিকার করেছেন ইনিংসে পাঁচ উইকেট।
লাল বলের ক্রিকেটেও প্রতিভার দুর্দান্ত ছাপ রেখেছেন ডানহাতি পেসার। একদিনের ৬৮ ম্যাচে নিয়েছেন ১০৯টি উইকেট। টি-টুয়েন্টিতে মোটে ১১ ম্যাচ খেলে লঙ্কানদের হয়ে সফল হয়েছেন আটবার। টেলএন্ডার হলেও ব্যাট হাতে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কিছু ইনিংস আছে লাকমলের ক্যারিয়ারে।








