হাইকোর্টের একজন বিচারপতিকে নিয়ে ‘অবমাননাকর বক্তব্য দেয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে পাচ মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেছেন হাইকোর্ট।
হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করে বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চে হাজির করা হলে আদালত তার বক্তব্য শুনে এই আদেশ দেন।
আদালতে হাবিবুর রহমান হাবিবের পক্ষে ছিলেন আইনজীবী ফজলুর রহমান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মামুন মাহবুব, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি। আর বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর তৎকালীন বিচারক মো. আখতারুজ্জামান। এরপর ২০১৯ সালে মো. আখতারুজ্জামান হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এই বিচারপতিকে নিয়েই ‘অবমাননাকর বক্তব্যের’ অভিযোগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুলসহ স্বতঃপ্রণোদিত আদেশ দেন। যেখানে হাবিবুর রহমানকে তার বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। তবে গত ৮ নভেম্বর তিনি হাইকোর্টে হাজির না হওয়ায় হাবিবুর রহমান হাবিবকে অবিলম্বে আদালতে হাজির করতে পুলিশের আইজির প্রতি নির্দেশ দেয়া হয়। এরপর মঙ্গলবার ভোরে ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে বিএনপি নেতা মো. হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করে র্যাব। বুধবার দুপুরে তাকে হাইকোর্টে হাজির করা হয়।








