জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার পর্যন্ত জামিনে থাকার পরও হাজিরা দিতে বিশেষ আদালতে উপস্থিত হয়েছেন।
বেলা ১১.৫০ টার দিকে আদালতে উপস্থিত হন খালেদা জিয়া। তার পক্ষে যুক্তি উপস্থাপন শেষ হলেও আসামি হিসেবে উপস্থিত থাকার আইনগত বাধ্যবাধকতা রয়েছে। যদিও মায়ের মৃত্যুবার্ষিকীর কারণে খালেদা জিয়াকে আজকের হাজিরা থেকে অব্যহতি দিয়েছিলেন আদালত।
রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তি উপস্থাপন চলছে।
খালেদা জিয়ার মায়ের মৃত্যুবার্ষিকীর কারণে বুধবার এ দুই মামলার যুক্তিতর্ক শুনানি স্থগিতের আবেদন করেন তার আইনজীবীরা।
আবেদনের শুনানিতে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, ‘বৃহস্পতিবার ম্যাডামের (খালেদা জিয়া) মায়ের মৃত্যুবার্ষিকী হওয়ায় আমরা সময় চাচ্ছি।’
বিচারক আবেদনের ওপর রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজলকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘যেহেতু এটা ধর্মীয় ব্যাপার। খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন মঞ্জুর করলে আমার কোনো আপত্তি নেই।’
এরপর বিচারক বলেন, ‘বৃহস্পতিবার পর্যন্ত ম্যাডাম (খালেদা জিয়া) জামিনে থাকবেন। আর অন্য আসামীদের (শরফুদ্দিন আহমেদ) এর পক্ষে যুক্তি উপস্থাপন চলবে।’
এরপর খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও সানাউল্লাহ মিয়া বলেন, ‘আমরা যুক্তি উপস্থাপন মুলতবি রাখার জন্য আবেদন করেছি। আদালত তা নামঞ্জুর করে শুধু ম্যাডামের (খালেদার) ব্যক্তিগত হাজিরা অব্যাহতি বৃহস্পতিবার পর্যন্ত মঞ্জুর করেন। তাই বৃহস্পতিবার আদালতে উপস্থিত হবেন খালেদা জিয়া।’
শরফুদ্দিন আহমেদের পক্ষে যুক্তি উপস্থাপন করছেন তার আইনজীবী এডভোকেট আহসান উল্লাহ। এটি তার পক্ষে তৃতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন।








