আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত ২৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৮ জন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বিস্ফোরণটিকে আত্মঘাতী বোমা হামলা মনে করছেন বলে জানিয়েছে বিবিসি। নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশংকা করা হচ্ছে।
বিবিসি জানায়, কাবুলে সাখি মাজারের কাছে শিয়া মুসলিমদের বর্ষবরণের নওরোজ উৎসব চলার সময় কয়েকশ’ মানুষের ভিড়ে বোমা বিস্ফোরণ ঘটায় হামলাকারী।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, হামলা হতে পারে পুলিশ এটা বুঝে ফেলার সঙ্গে সঙ্গেই হামলাকারী আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়।
বিস্ফোরণটি আলী আবাদ হসপিটালের বাইরে কাবুল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি ঘটে বলে জানান এই মুখপাত্র।
ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই এলাকায় জনসাধারণের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।
ভয়াবহ হামলাটির দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে মাজারকে কেন্দ্র করে সম্প্রতি জঙ্গি সংগঠন কথিত ইসলামিক স্টেট (আইএস) বেশ কয়েকবার এ ধরনের হামলা চালিয়েছে।








