আত্মঘাতী গোলে কোনো মতে বাঁচল পিএসজি। শুক্রবার রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে শেষ সময়ের যোগ হওয়া মিনিটে আত্মঘাতী গোলে প্রতিপক্ষ এতিয়ানের মাঠ থেকে হারতে হারতে ১-১ গোলের ড্র নিয়ে ফেরে নেইমারহীন প্যারিস সাঁ সাঁ। তবে ড্র করলেও এখনো পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ফরাসি জায়ান্টরা।
সবশেষ ছয় ম্যাচে ছয়টিতেই জয় পেয়েছে পিএসজি। অথচ লিগ টেবিলের ৯ নম্বরের থাকা সেন্ট এতিয়ানের সঙ্গে প্রায় হেরেই বসেছিল তারা। বল দখলে এগিয়ে থেকেও এতিয়ানের রক্ষণে তেমন ভয় ধরাতে পারেনি পিএসজি। উল্টো ম্যাচের শুরুতে গোল খেয়ে পিছিয়ে যায় ফ্রেঞ্চ জায়ান্টরা।
ম্যাচের ১৭ মিনিটে এতিয়ান ডিফেন্ডার ম্যাথু দিবুশির দুর্দান্ত ক্রস থেকে রেমি কাবেলার শট পিএসজির জালে জড়ালে ১-০ গোলে এগিয়ে যায় এতিয়ান। ২০ মিনিটের মাথায় আবারও ভাল সুযোগ তৈরি করে এতিয়ান। তবে গোলসংখ্যা বাড়াতে পারেননি দিবুশি-হামুমোরা। এরপর ছোটখাটো সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি পিএসজি।
৩০ মিনিটের সময় ডি-বক্সে ফাউল করে এতিয়ানকে পেনাল্টি উপহার দেয় পিএসজি। তবে এ যাত্রায় দলকে বাঁচিয়ে দেন গোলকিপার। কিন্তু ৪১ মিনিটে আবারও ফাউল করেন কিমপেমবে। দ্বিতীয় হলুদ কার্ড দেখে তিনি মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় পিএসজি।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করে পিএসজি। বদলি হিসেবে মাঠে নেমে ডিফেন্স সামলান ব্রাজিলিয়ান থিয়াগো সিলভা। ভাল কিছু সুযোগ তৈরি করেন ডি মারিয়া। যদিও কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিল না তারা।
আক্রমণের ধার বাড়াতে ম্যাচের ৬৮ মিনিটে মাঠে নামানো হয় এডিনসন কাভানিকে। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটা নষ্ট করেন উরুগুয়েন তারকা। ৭৬ মিনিটে গোলকিপারকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি তিনি। ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল স্বাগতিকেরা। যোগ হওয়া সময়ের দ্বিতীয় মিনিটে ডিফেন্ডার দিবুশির পায়ে গেলে নিজেদের জালেই বল চলে গেলে হতাশায় ডুবে এতিয়ান সমর্থকরা।








