বিনা অনুমতিতে নাইট ক্লাবে যাওয়ার শাস্তি হাতেনাতে পেয়েছেন জ্যাক গ্রিলিশ ও ফিল ফোডেন। নিউক্যাসলের বিপক্ষে তাদের বাইরে রেখে দল সাজান পেপ গার্দিওলা। সেই ঘটনা টেনে শিষ্যদের কড়া সতর্কবার্তা দিলেন ম্যানসিটি বস। ছুঁড়েছেন দল থেকে বাদ দেয়ার হুঁশিয়ারিও।
বড়দিনের সময়ে অনিয়ম করলে শাস্তি পেতে হবে, জানিয়ে রোববার গার্দিওলা বলেছেন, ‘এটা পালাবদল করে খেলানো ছিল না। আমি দলটির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। যারা খেলার যোগ্য ছিল এবং তারা ওদের মতো ছিল না।’
‘বড়দিনের সময় মাঠে ও বাইরে, উভয় জায়গায় সবার দিকে আমার বিশেষ নজর থাকবে। মাঠের বাইরের আচরণ ঠিকঠাক না হলে তারা ম্যানসিটির হয়ে খেলতে পারবে না।’
শিষ্যদের সতর্ক করে ম্যানসিটি কোচ বলেছেন, ‘আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। বড়দিনের সময়ে বিভ্রান্তিকর কিছু ঘটনা ঘটে, এমনকি যা কিছু ঘটতে পারে— সবকিছুর উপর কড়া নজর রাখতে হবে।’
প্রিমিয়ার লিগে লিডসের বিপক্ষে ৭-০ গোলে জয়ের পর নাইট ক্লাবে গিয়েছিলেন গ্রিলিশ ও ফোডেন। তাদের বিপক্ষে অভিযোগ প্রমাণিত হওয়ায় নিউক্যাসলের বিপক্ষে রাখা হয় সাইডবেঞ্চে। ৪-০ গোলে জয়ের দিনে ফোডেন ও গ্রিলিশের জায়গায় রাহিম স্টার্লিং ও গ্যাব্রিয়েল জেসাসকে খেলান গার্দিওলা।








