কানাডার ক্যালগেরিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুক্তবিহঙ্গ নাট্য সংগঠনের পঞ্চম প্রযোজনা কারলোগোলদনি’র কমেডি ‘দা সারভেন্ট অফ টু মাস্টার্স’ অবলম্বনে অসীম দাসের রচনায় নাটক ‘নওকর শয়তান মালিক হয়রান’। নাটকটির নির্দেশনায় রয়েছেন জাহিদ হক।
আগামী ১৭ অক্টোবর নর্থ ইস্টের ফলকনরিজ কমিউনিটি এসোসিয়েশনে বিকেল সাড়ে ৫টায় নাটকটির প্রদর্শন হবে।
মুক্তবিহঙ্গ এর সভাপতি জাহিদ হক বলেন, করোনা ও কানাডার বর্তমান সার্বিক অবস্থার কথা চিন্তা করে গতবছর আমরা এই নাটকের তারিখ পিছিয়ে ছিলাম। আগামী ১৭ ই অক্টোবর নাটকটি আমরা মঞ্চে নিয়ে আসছি। আলবার্টা সরকারের বেঁধে দেয়া স্বাস্থ্যবিধি মেনেই দর্শকদের হলে প্রবেশ করতে দেয়া হবে।
নাটকটির মিডিয়া পার্টনার চ্যানেল আই ও প্রবাস বাংলা ভয়েস।
শুধু বিনোদনই নয়, বাংলাদেশের পথশিশুদের গত চার বছর ধরে নিয়মিত আর্থিক সহযোগিতা দিয়ে আসছে মুক্তবিহঙ্গ। এ প্রযোজনা থেকে যে অর্থ সংগৃহীত হচ্ছে তার সবই চলে যায় বাংলাদেশের মিরপুরে অবস্থিত মায়ের আঁচল পথশিশু আশ্রয় কেন্দ্রে। গত বছরগুলোতে তারা পথ শিশুদের কম্পিউটার প্রশিক্ষণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য প্রায় তিন লাখ টাকা সহায়তা করেছেন।
ইতোমধ্যে সংগঠনটি তাদের কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ আলবার্টার প্রফেসনাল থিয়েটারের মর্যাদা লাভ করেছে কানাডার গভর্মেন্ট অফ আলবার্টা থেকে। আর এরই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে সিটি অফ ক্যালগেরি দশ বছরের জন্য মুক্তবিহঙ্গ ‘বেঙ্গলি থিয়েটার’- নামটি ক্যালগেরির ডাউনটাউন এ অবস্থিত পাবলিক লাইব্রেরিতে খোদাই করে লেখা থাকবে।








