জাতীয় দলের দায়িত্ব ফেলে আইপিএলে খেলতে যাবেন না তাসকিন আহমেদ। দ্বিপাক্ষিক সিরিজ চলাকালে স্কোয়াডের নিয়মিত পেসারকে ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলার অনুমতি দিতে ইচ্ছুক নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
সোমবার লক্ষ্ণৌ কর্তৃপক্ষ যোগাযোগ করেছে বিসিবির সাথে। ভারতের ক্রিকেট বোর্ডও এ ব্যাপারে বিসিবিকে জানিয়েছে। সবকিছুর শেষে খবর, জাতীয় দলের মিশন রেখে তাসকিন যাচ্ছেন না আইপিএলে।
‘তাসকিনকে লক্ষ্ণৌ দল চেয়েছিল। সেটা বিসিবিকে বিসিসিআই এবং লক্ষ্ণৌ দল জানিয়েছে। কিন্তু এখন সে সাউথ আফ্রিকায় সিরিজ খেলছে। এখানে একটা ওয়ানডে ম্যাচ বাকি আছে, দুটো গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ আছে। আমরা এখন চাইবো না এই সিরিজ বাদ দিয়ে সে আইপিএলে যাক। সে এই সিরিজে খেলবে। তাকে আমরা অনুমতি দেইনি।’
‘তাসকিনের সঙ্গে কথা হয়েছে। তাকে আমরা বুঝিয়েছি। সে বুঝেছে। তাসকিন জানিয়ে দিয়েছে সে আইপিএলে খেলছে না। আইপিএল বাংলাদেশের ক্রিকেটারদের নেয়ার ইচ্ছা পোষণ করছে। এই ইচ্ছা পোষণটা আরও আগে করলে ভালো হতো।’ জানান জালাল ইউনুস।
কনুইয়ের চোটে এবারের আইপিএলে লক্ষ্ণৌ সুপারজায়ান্টের হয়ে মাঠে নামা হচ্ছে না মার্ক উডের। ইংলিশ পেসারের বদলি হিসেবে তাসকিনকে চেয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।
আইপিএলে খেললে তাসকিনের ব্যক্তিগত ক্যারিয়ার সমৃদ্ধ হতে পারতো কিনা, এমন প্রশ্নে জালাল ইউনুস বলেছেন, ‘জাতীয় কমিটমেন্ট সবার আগে। সে জাতীয় দলে খেলেই এ পর্যন্ত এসেছে। আমাদের কাছে জাতীয় স্বার্থ সবার আগে। আমার মনে হয় সে জাতীয় দলে নিয়মিত পারফর্ম করলে ভবিষ্যতে এ ধরনের সুযোগ আরও পাবে।’








