ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে বইছে রানের ফল্গুধারা। ইনিংসে একাধিক সেঞ্চুরি হচ্ছে। রানের পাহাড় ডিঙিয়ে আবার জিতেও যাচ্ছে পরে ব্যাট করা দল। অথচ জিম্বাবুয়ের বিপক্ষে দেড়শ রান স্পর্শ করতেই ঘাম ছুটে যাচ্ছে বাংলাদেশ দলের।
এমন বাস্তবতায় সামনের টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং নিয়ে দুর্ভাবনা আসতেই পারে। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য বিচলিত নন মোটেও। মনে করেন, আইপিএলের উইকেটের সঙ্গে আন্তর্জাতিক টি-টুয়েন্টির ধরনের মধ্যে বিস্তর ফারাকই থাকবে।
শান্ত মনে করেন, বিশ্বকাপে দুইশ রানের ইনিংস হবে হাতেগোনা। ১৬০ থেকে ১৮০-এর মধ্যে স্কোর যথেষ্ট হতে পারে জয়ের জন্য।
জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে পঞ্চম টি-টুয়েন্টি শেষে সংবাদ সম্মেলনে শান্তর কাছে জানতে চাওয়া হয়, আইপিএলের মতো বিশ্বকাপেও রানের বন্যা দেখা যাবে কিনা।
‘আমার তো মনে হয় না। কারণ আইপিএল যে উইকেটে হচ্ছে, আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট মেলানো যাবে না। আমার মনে হয় সবশেষ বছর পিএসএলেও অনেক রান হয়েছে। দুইশর বেশি রান হয়েছে, আড়াইশ রানও হয়েছে। যতটুকু জানি আন্তর্জাতিকে ১৬০-১৭০-১৮০ ভালো স্কোর। দুইশ রান কিন্তু খুব ভালো। দুইশ রান যদি কেউ করে, সেটা খুব সচরাচর কিন্তু দেখা যায় না।’
‘প্রত্যাশা করি এমনই রান হবে, ১৬০ থেকে ১৮০-এর মধ্যে থাকবে ভালো উইকেটে। এর ভেতরেই বোলারদের ডিফেন্ড করতে হবে বা ব্যাটারদের চেজ করতে হবে। আইপিএলের সঙ্গে তুলনা করা কখনোই মনে হয় না যৌক্তিকতা আছে।’ বলেন শান্ত।








